২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে দরপতন

আগের সপ্তাহের ধারাবাহিকতায় নতুন সপ্তাহের প্রথম দিন দুই স্টক এক্সচেঞ্জেই বড় দরপতন ঘটেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2015, 04:35 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৫৩ পয়েন্টে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ১০২ পয়েন্ট কমে ৮ হাজার ৩৫১ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে এদিন ৩৫৩ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের তুলনায় প্রায় ১০০ কোটি টাকা কম। আর সিএসইতে ৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ৮ কোটি টাকা কম।

নতুন ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী পুঁজিবাজারে বিনিয়োগ সীমার মধ্যে থাকতে হলে ব্যাংকগুলোকে আগামী একবছরের মধ্যে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার শেয়ার বিক্রি করতে হবে। রোববার এ বিষয়ে গণমাধ্যমে খবর আসার পর শেয়ার বাজারে বিক্রির চাপ বাড়তে শুরু করে বলে সংশ্লিষ্টরা জানান। 

সকালে ডিএসইতে লেনদেনের শুরতেই দরপতন ঘটে। মাঝে সূচক ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তা সফল হয়নি।

দিনশেষে ডিএসইতে লেনদেন হওয়া ২১৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম কমেছে, বেড়েছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম।

এদিন ব্যাংক, বীমা, বিদ্যুৎ ও জ্বালানি, সিমেন্ট, প্রকৌশল, খাদ্য, ঔষধ ও বিবিধ খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ার দর হারিয়েছে। বস্ত্রখাতে দেখা গেছে মিশ্র প্রবণতা।  

বাজারে বড় মূলধনী কোম্পানির শেয়ারের দরপতন ঘটলেও স্বল্প ও মাঝারি মূলধনী বেশ কয়েকটি কোম্পানির শেয়ারের দর এদিন উর্ধ্বমুখী ছিল।

ডিএসইতে দরবৃদ্ধির তালিকার শীর্ষে ছিল- ঢাকা ডাইয়িং, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার, স্ট্যার্ডার্ড ইন্সুরেন্স, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো, সেন্ট্রাল ইন্সুরেন্স, মিথুন নিটিং, ডাচবাংলা ব্যাংক, স্ট্যান্ডার্ড সিরামিকস, আলহাজ টেক্সটাইল ও মার্কেন্টাইল ব্যাংক।

সবচেয়ে বেশি দর হারিয়েছে এশিয়া ইন্সুরেন্স, এফবিএফআই মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড স্কিম ১, ইউনাইটেড এয়ার, শাহজিবাজার পাওয়ার, ইফাদ অটোজ, আইসিবি প্রথম এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, লংকাবাংলা ব্যাংক, অ্যাপোলো ইস্পাত ও মাইডাস ফাইন্যান্স।