২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একদিনের মুরগির বাচ্চার দাম বেড়েছে

দুই দিনের ব্যবধানে একদিন বয়সী মুরগির বাচ্চার দাম সর্বোচ্চ আট টাকা পর্যন্ত বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2015, 09:39 PM

Updated : 25 Apr 2022, 01:28 PM

খামারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার একদিন বয়সী মুরগির বাচ্চা প্রতিটি ৬৪-৬৫ টাকায় বিক্রি হলেও শনিবার হ্যাচারিগুলো ৬৯-৭১ টাকায় বিক্রি করেছে।

দাউদকান্দির কামাল পোল্ট্রি খামারের মালিক কাজী মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো ঘোষণা ছাড়াই হ্যাচারি মালিকরা একদিনের মুরগির বাচ্চার দাম বাড়িয়ে দিয়েছেন। শনিবার বিভিন্ন কোম্পানি ৬৯ থেকে ৭১ টাকা দরে বাচ্চা বিক্রি করেছে, যা বৃহস্পতিবার ছিল ৬৪ থেকে ৬৫ টাকা।”

দাম বাড়ার কথা স্বীকার করেছেন কুমিল্লায় কাজী ফার্মের বিক্রেতা মো. নাহিদ হোসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার আমাদের মুরগির বাচ্চার দাম পাঁচ টাকা বেড়েছে। বৃহস্পতিবার আমরা ৬৪ টাকায় বিক্রি করেছি। আজ (শনিবার) বিক্রি হয়েছে ৬৯ টাকায়।”

আরেক হ্যাচারি সিপির একজন বিক্রয় প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের উৎপাদিত মুরগির বাচ্চা প্রতিটি বাচ্চা ৭১ টাকায় বিক্রি হয়েছে।

তবে বাচ্চার দাম বাড়ানোর বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন হ্যাচারি মালিকদের সংগঠন ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক সাইদুর রহমন বাবু।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুরগির বাচ্চার দাম বাড়ানোর বিষয়ে অ্যাসোসিয়েশনের কোনো সিদ্ধান্ত নেই। তবে কোম্পানিগুলো নিজ উদ্যোগে সেটা করতে পারে।”

একদিনের মুরগির বাচ্চা সাধারণত খামারে ৩০-৩২ দিন পালন করে বিক্রি করা হয়। এখন যেসব বাচ্চা খামারিরা কিনবেন সেগুলো বাজারে আসবে আজ থেকে ৩০-৩২ দিন পরে।

অর্থাৎ রমজানের শেষ দিক থেকে এসব মুরগি ঈদ পর‌্যন্ত বাজারে থাকবে। ওই সময় মুরগির চাহিদা বেশি থাকায় দামও বাড়ে।

রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে ব্রয়লার মুরগি প্রতিকেজি ১৫০-১৫৫ টাকায় বিক্রি হচ্ছে।  

সপ্তাহে সারা দেশে এক কোটি ১০ লাখ থেকে এক কোটি ১৫ লাখ বাচ্চার চাহিদা আছে।

বর্তমানে সারা দেশে যেসব কোম্পানি মুরগির বাচ্চা সরবরাহ করে তার মধ্যে কাজী ফার্ম ও সিপি ছাড়াও গোদরেজ, নারিস, প্যারাগন সিংহভাগ সরবরাহ করে থাকে।