২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য মেলায় নারী উদ্যোক্তাদের ছাড়: মন্ত্রী

নারীরা ব্যবসা-বাণিজ্যের উদ্যোগ নিলে সরকার তাদের বিশেষ সুযোগ-সুবিধা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2015, 08:17 PM

Updated : 22 Aug 2022, 12:33 PM

আগামী বছর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্টল বরাদ্দে নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ছাড় দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

বুধবার বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স ও গ্রামীণফোন আয়োজিত এক নারী সম্মাননা অনুষ্ঠানে তোফায়েল বলেন, নারীদের আরও বেশি করে উদ্যোক্তা হিসাবে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে সরকার তাদেরকে যাবতীয় সহায়তা দিতে প্রস্তুত আছে।

তথ্য প্রযুক্তি খাতকে নারীদের জন্য নতুন সম্ভাবনার জায়গা উল্লেখ করে তিনি বলেন, আইসিটি খাতে নারীদের প্রশিক্ষণ দিলে তা দেশের জন্য কল্যাণ বয়ে আনবে।

“পোশাক শিল্পের পরই আইসিটি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি সরকার। ২০১৮ সালে আইসিটি খাত থেকে এক বিলিয়ন আয়ের পরিকল্পনা রয়েছে সরকারের।”

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে স্বাক্ষরিত চুক্তির ফলে দুই দেশের বাণিজ্যের প্রসার ঘটার আশা জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা চাইলে ভারতের মেঘালয়, ত্রিপুরাসহ সেভেন সিস্টারের অন্যান্য রাজ্যগুলোতে রপ্তানি করতে পারবে। নারী উদ্যোক্তারা চাইলে এই সুযোগ কাজে লাগিয়ে নতুন নতুন ব্যবসার প্রসার ঘটাতে পারেন।

সরকার নারী উদ্যোক্তাদের জন্য যাবতীয় সহযোগিতা দেবে জানিয়ে তিনি বলেন, গত বছর ঢাকা অন্তর্জাতিক বাণিজ্য মেলায় একজন নারী উদ্যোক্তাকে স্টল বরাদ্দে বিশেষ ছাড়া দেওয়া হয়েছিল। আগামী বছর আরও নারী উদ্যোক্তা চাইলে তাদেরকেও মেলায় ছাড় দেওয়া হবে।

অনুষ্ঠানে দেশের পাঁচটি অঞ্চলের পাঁচজন নারী উদ্যোক্তা ও ঢাকার দুই নারী সাংবাদিকের হাতে এ বছর বিডব্লিউসিসিআই-গ্রামীণফোন প্রগ্রেসিভ অ্যাওয়ার্ড-২০১৪ তুলে দেওয়া হয়। বিডব্লিউসিসিআই এর কর্মশালা থেকে প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন নিজ নিজ খাতে প্রতিষ্ঠিত হয়েছেন এসব নারী।

বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসা-বাণিজ্যে নারীদের উৎসাহিত করতে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের সব স্তরে নারীদের উচ্চাসনে বসাতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি খাত নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরে বিডব্লিউসিসিআই’র সভাপতি সেলিমা আহমেদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন এফবিসিসিআইয়ের নতুন সভাপতি আবদুল মাতলুব আহমাদ।

সেলিমা বলেন, ২০০১ সালে থেকে এ পর‌্যন্ত ৪৭ হাজার নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে তাদের সংগঠন। চলতি বছরের মধ্যে আরও পাঁচ হাজার নারীকে ব্যবসায়ীক প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।