২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তরঙ্গ পর্যবেক্ষণ যন্ত্র কিনছে বিটিআরসি

হাতে বহনযোগ্য তরঙ্গ পর্যবেক্ষণ যন্ত্র কিনতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2015, 07:37 PM

Updated : 22 Aug 2022, 12:33 PM

মোবাইল ফোন অপারেটরসহ তরঙ্গ ব্যবহারকারীদের কাছ থেকে বিভিন্ন সমস্যার অভিযোগ গ্রহণ এবং অননুমোদিত তরঙ্গ ব্যবহারকারীদের শনাক্ত করে সমস্যার সমাধান করতে এই পর্যবেক্ষণ যন্ত্র কেনা হচ্ছে।

আন্তজার্তিক উম্মুক্ত দরপত্র প্রক্রিয়ায় এই পর্যবেক্ষণ যন্ত্র কেনা হবে বলে বুধবার এক দরপত্র বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।

এতে বলা হয়, বিটিআরসির নিজস্ব অর্থেই এই যন্ত্র কেনা হচ্ছে। ২৯ জুলাই দুপুর ২টা পর্যন্ত দরপত্র জমা দেওয়া যাবে, যা খোলা হবে একই দিন বেলা আড়াইটায়।

এরপর ৬ মাসের মধ্যে এই যন্ত্র সরবরাহ করতে হবে বলে দরপত্রে উল্লেখ রয়েছে।

বিটিআরসির মিডিয়া অ্যান্ড পাবলিকেশন উইং জানিয়েছে, ২০০৮ সালে বেতার তরঙ্গ পরিবীক্ষণ ব্যবস্থার জন্য ৫০ লাখ মার্কিন ডলারের বিনিময়ে স্পেকট্রাম ম্যানেজমেন্ট অ্যান্ড মনিটরিং সিস্টেম সরঞ্জাম কিনেছিল বিটিআরসি।

বর্তমানে বিটিআরসির ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বগুড়া ও রংপুরে একটি করে ফিক্সড মনিটরিং স্টেশন রয়েছে।

এছাড়া ভ্রাম্যমাণ স্পেকট্রাম মনিটরিং স্টেশন রয়েছে আরও পাঁচটি, যা প্রয়োজনে সারা দেশে তরঙ্গ পরিবীক্ষণ কাজে ব্যবহৃত হয়।

এর বাইরে পোর্টেবল মনিটরিং স্টেশন একটি এবং স্পেকট্রাম এনালাইজার রয়েছে তিনটি।