বন্দরের এনসিটি: দুই জেটিতে তিন দরপত্র জমা
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) চার ও পাঁচ নম্বর জেটি পরিচালনায় অপারেটর নিয়োগে তিনটি দরপত্র জমা পড়েছে।
মেসার্স বশির আহমেদ, কনটেইনার অ্যান্ড টার্মিনাল সার্ভিসেস লিমিটেড এবং যৌথভাবে এমএইচ চৌধুরী, এ অ্যান্ড জে ট্রেডার্স ও সাইফ পাওয়ারটেক লিমিটেড মঙ্গলবার দরপত্র জমা দেয়।
চট্টগ্রাম বন্দরের পরিচালক (পরিবহন) গোলাম সরওয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনটি দরপত্র জমা পড়েছে।”
বুধবার এনসিটির দুই ও তিন নম্বর জেটি পরিচালনায় অপারেটর নিয়োগে দরপত্র জমা নেওয়ার দিন ধার্য আছে।
চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) জাফর আলম বলেন, ১০ দিনের মধ্যে মূল্যায়ন শেষে এ সংক্রান্ত কমিটি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।
এনসিটির চার জেটিতে দুই জন অপারেটর নিয়োগে দুটি দরপত্র আহ্বান করে বন্দর কর্তৃপক্ষ।
এরপর দরপত্রের শর্ত নিয়ে কনটেইনার অ্যান্ড টার্মিনাল সার্ভিসেস লিমিটেড হাই কোর্টে রিট আবেদন করলে দরপত্র প্রক্রিয়া তিন মাসের জন্য স্থগিত হয়ে যায়।
বন্দর কর্তৃপক্ষের করা আবেদনে আপিল বিভাগের চেম্বার জজ আপিল শুনানি না হওয়া পর্যন্ত হাই কোর্টের দেওয়া আদেশ স্থগিত করে। এরপর দরপত্র প্রক্রিয়া পুনরায় শুরু হয়। ১৪ জুন এ বিষয়ে আপিল শুনানি হবে।
বন্দরের নিজস্ব অর্থায়নে ২০০৪ সালের ফেব্রুয়ারিতে শুরু হয়ে ২০০৭ সালে এনসিটি’র পাঁচটি জেটি নির্মাণ কাজ শেষ হয়।
যন্ত্রপাতি কিনে টার্মিনালটি পরিচালনার জন্য ২০১২ সালে দরপত্র আহ্বান করা হয়। এরপর দরপত্র সংশোধনের নামে কয়েকটি প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়। তবে বিষয়টি নিয়ে আদালতে মামলা হলে টার্মিনাল পরিচালনা ঝুলে যায়।
সর্বশেষ বন্দর কর্তৃপক্ষ নিজের টাকায় যন্ত্রপাতি কিনে টার্মিনাল পরিচালনার উদ্যোগ নিয়ে সংসদীয় কমিটি ও অর্থমন্ত্রী যন্ত্রপাতি কেনার প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দেন।
