২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি বিনিয়োগকারীদের জন্য কর সুবিধা চায় সিএসই

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক বলে মনে করে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2015, 05:33 PM

Updated : 22 Aug 2022, 12:32 PM

তবে বাজেটের কয়েকটি প্রস্তাব পুনর্বিবেচনার দাবি রেখেছে সংস্থাটি।

সোমবার দুপুরে সিএসই কার্যালয়ে বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওয়ালিউল মারুফ মতিন এসব প্রস্তাব তুলে ধরেন।

তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে বিদেশি বিনিয়োগকারীদের কর সুবিধা নেই। বিদেশি বিনিয়োগে কর সুবিধার ব্যবস্থা রাখা হলে বাজারে বিদেশি বিনিয়োগ বাড়বে।

“এখন বিদেশি বিনিয়োগকারীদের ওপর ১০ শতাংশ কর আরোপ রয়েছে। পুঁজিবাজারে বিনিয়োগে বেশি ঝুঁকি থাকে। এজন্য বিদেশি বিনিয়োগকারীদের কর সুবিধা থাকা দরকার ।”

প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে তালিকাভুক্তিতে করহার ২.৫%  হ্রাসকরণ, তালিকাভুক্ত ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের করের হার ৪২.৫শতাংশ থেকে ৪০শতাংশ এবং পাবলিকলি লিস্টেড কোম্পানির করহার ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

এ বিষয়ে ওয়ালিউল মারুফ মতিন বলেন, “কৌশলী বিনিয়োগকারীদের আকর্ষণসহ সিএসইতে কারিগরি ও অবকাঠামোগত বিনিয়োগের জন্য মূলধনের পুনর্বিনিয়োগ প্রয়োজন হবে। এ কারণে সিএসই ক্রমহ্রাসমান হারে কর অবকাশের পরিবর্তে ৫ বছরের জন্য কর অব্যাহতি চায়।”

স্টক এক্সচেঞ্জ সদস্যদের আয়কর নির্ধারণের বিষয়েও প্রস্তাব রেখেছে সিএসই।

সিএসইর এমডি বলেন, “বিগত কয়েক বছর যাবত পুঁজিবাজারের মন্দা পরিস্থিতির কারণে স্টক এক্সচেঞ্জ লেনদেন উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। তাই স্টক এক্সচেঞ্জের সদস্য অথবা ট্র্যাকহোল্ডারদের কাছ থেকে উৎস আয়কর কর্তনের হার পুনরায় পূর্ববর্তী ০.০১৫% এ পুনঃনির্ধারণ করে কর্তিত করকে ব্রোকারেজ ব্যবসায়ে উদ্ভূত সমূদয় আয়ের উপর চূড়ান্ত কর দায় বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি।”

বিনিয়োগকারীর লভ্যাংশ আয়ের করমুক্ত আয়সীমা ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকায় উন্নীত করারও প্রস্তাব করেন তিনি।

প্রস্তাবিত বাজেটে এই সীমা ২৫ হাজার টাকায় উন্নীত করার ঘোষণা দেওয়া হয়েছে।

এছাড়া পুঁজিবাজারে এসএমই তালিকাভুক্তিকে উৎসাহিত করতে ক্ষুদ্র ও মাঝারি কোম্পানিগুলোকে পৃথক স্কিমের আওতায় এনে ভিন্ন ভিন্ন করপোরেট করহার নির্ধারণের প্রস্তাব করেছে সিএসই।

এর মধ্যে প্রথম ৫০ লাখ টাকা পর্যন্ত আয়কে করমুক্ত, এরপরের ৫০ লাখ টাকার জন্য ১৫ শতাংশ এবং তদূর্ধ্ব আয়ের উপর ২৫ শতাংশ কর আরোপের প্রস্তাব এই সংস্থাটির।