বাজেট পুঁজিবাজারের জন্য অনুকূল: ডিএসই
আগামী অর্থবছরের বাজেট প্রস্তাবে পুঁজিবাজারে অনুকূল পরিবেশ সৃষ্টি হবে, যাতে বিনিয়োগকারীরাও আকৃষ্ট হবে বলে মনে করে ঢাকা স্টক এক্সচেঞ্জ।
রোববার দুপুরে ডিএসই কার্যালয়ে বাজেট নিয়ে প্রতিক্রিয়া তুলে ধরতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংস্থার চেয়ারম্যান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া।
তিনি বলেন, “ডিএসই আশা করে, সরকারের ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে পুঁজিবাজারের জন্য যেসব প্রস্তাব রাখা হয়েছে, তাতে বাজারে অনুকূল পরিবেশ সৃষ্টি হবে। পুঁজিবাজারের মাধমে জাতীয় অর্থনীতি আরও গতিশীল হবে।
“বেসরকারি খাতের শিল্পোদ্যোক্তারা তাদের কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্তিতে আগ্রহী হবে। এতে শিল্পখাত আরও শক্তিশালী ও বিকশিত হয়ে দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি হবে, যা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আরও বেশি আকৃষ্ট করবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক স্বপন কুমার বালা, পরিচালক শাকিল রিজভী, খাজা গোলাম রসূল, শরীফ আনোয়ার হোসেন ও চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) জিয়াউল হাসান খান।
“পুঁজিবাজারকে ঘিরে সরকারের এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও মনোভাব দেশের শিল্পায়নকে গতিশীল করতে কার্যকরী ভূমিকা রাখবে।”
২০১৫-১৬ প্রস্তাবিত বাজেটে বিনিয়োগকারীদের জন্য কোম্পানি থেকে প্রাপ্ত নগদ লভ্যাংশ আয়ের ওপর করমুক্ত সীমা ২০ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ২৫ হাজার টাকা পর্যন্ত করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে।
এছাড়া পুঁজিবাজার সম্প্রসারণে তালিকাভুক্ত ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের করের হার ৪২ দশমিক ৫০ শতাংশ থেকে ৪০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে তালিকাভুক্ত কোম্পানির করহার ২৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
বাজেটে বন্ড মার্কেট উন্নয়নের স্বার্থে ট্রেজারি বন্ড এবং ট্রেজারি বিলের সুদের ওপর ৫১ ধারার অধীনে ক্রয়কালেই উৎসে ৫ শতাংশ হারে কর কর্তনের বিধান প্রত্যাহার করার প্রস্তাব করা হয়েছে।
ডিএসইর এমডি স্বপন কুমার বলেন, “ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী স্টক এক্সচেঞ্জকে পাঁচ বছর শতভাগ কর অবকাশ সুবিধা দেওয়া উচিত ছিল। এ সুবিধা দিলে পুঁজিবাজারে অবকাঠামোগত বিনিয়োগ সক্ষমতা বাড়ত।”
এছাড়া বন্ড মার্কেটের উন্নয়নে স্টেকহোল্ডারদের লেনদেনভিত্তিক শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ হারের উৎসে কর কর্তনের ব্যবস্থা বদলে অ্যাসেসমেন্ট ভিত্তিক করারোপের দাবি জানান তিনি।
“পুঁজিবাজারের স্বার্থে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে ৩০ শতাংশ বা এর বেশি লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে ১০ শতাংশ আয়কর রেয়াত বহাল রাখা উচিৎ,” যোগ করেন তিনি।
