২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে আদানি-রিলায়েন্স

বাংলাদেশে চার হাজার ছয়শ মেগাওয়াট উৎপাদনক্ষম ছয়টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য পিডিবির সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে ভারতীয় দুটি ব্যবসায়ী গ্রুপ ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2015, 10:35 PM

Updated : 25 Apr 2022, 01:27 PM

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের মধ্যে শনিবার বিকেলে বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সমাঝোতা স্মারকে সই করে ভারতের রিলায়েন্স ও আদানি গ্রুপ।

রাজধানীতে বিদ্যুৎ ভবনে ওই চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়, রিল্যায়েন্স পাওয়ার বাংলাদেশে গ্যাসভিত্তিক চারটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে, যার প্রতিটির উৎপাদন ক্ষমতা হবে ৭৫০ মেগাওয়াট।

তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির মাধ্যমে এর জ্বালানি সরবরাহ করা হবে।

আদানি পাওয়ার লিমিটেড ৮০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার দুটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে; যার জ্বালানির উৎস হবে আমদানি করা কয়লা।

সমঝোতা স্মারকে পিডিবির সচিব জহিরুল হক, রিলায়েন্স পাওয়ারের পক্ষে সমির কুমার গুপ্ত ও আদানি গ্রুপের পাওয়ার প্রকল্পের প্রধান ভিনেত জেইন।

গত কয়েকবছর ধরেই বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যুৎ সহযোগিতা বাড়ছে। আন্তঃদেশীয় গ্রিড লাইনের মাদধ্যমে ভারত থেকে বর্তমানে প্রায় ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে বাংলাদেশ; যা ভবিষ্যতে আরও বাড়ানোর কাজ চলছে।

এছাড়া ভারতের ন্যাশনাল থারমাল পাওয়ার কোম্পানি ও পিডিবির যৌথ উদ্যোগে বাগেরহাটের রামপালে ১৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে।