গোল্ডবার্গ মোবাইলের উদ্বোধনে ৩ মন্ত্রী
বাজারে আসছে দেশে সংযোজিত নতুন ব্রান্ডের মোবাইল ফোন, যার সর্বনিম্ন দাম হবে ৮শ টাকা।
শুক্রবার রাজধানীর একটি হোটেলে এই ব্রান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের গুরুত্বপূর্ণ তিন মন্ত্রী ও জাতীয় সংসদের সরকারি দলের প্রধান হুইপ।
সোনারগাঁও হোটেলে মোবাইল সেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তার সঙ্গে ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও আ স ম ফিরোজ।
অনুষ্ঠানে গোল্ডবার্গ মোবাইলের পক্ষ থেকে পাঁচটি স্মার্টফোনসহ সাতটি হ্যান্ডসেট বাজারজাত করার ঘোষণা দেওয়া হয়।
গোল্ডবার্গ মোবাইলের মূল প্রতিষ্ঠান খান সন্স গ্রুপের চেয়ারম্যান একেএম আজিজুর রহমান খান বলেন, “খান সন্স গ্রুপ গোল্ডবার্গ মোবাইল সেট সংযোজন করছে। এটিই বাংলাদেশে সংযোজিত দ্বিতীয় মোবাইল হ্যান্ডসেট।
“এই সেট তৈরিতে খুবই উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সেটের দামও রাখা হবে সাধারণের হাতের নাগালে, যা সর্বনিন্ম আটশত টাকা।”
গোল্ডবার্গ মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক আবরার রহমান খান বলেন, গোল্ডবার্গ মোবাইল ক্রেতাদের হাতে পৌঁছে দিতে সারা দেশে বিক্রয় ও সেবাকেন্দ্র খোলা হয়েছে।
অনুষ্ঠানে গোল্ডবার্গ মোবাইলের সাতটি মডেলের মোড়ক উম্মোচন করা হয়, যার মধ্যে দুটি সাধারণ ফিচার ফোন ও ৫টি স্মার্টফোন বাজারে পাওয়া যাচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
এর মধ্যে সাধারণ হ্যান্ডসেটটির দাম ৮’শ টাকা। আর গোল্ডবার্গ স্মার্টফোন মিলবে ১২ হাজার টাকায়। গোল্ডবার্গ মোবাইলের সব মডেলেই দুটি সিম ব্যবহার করা যাবে।
শিগগিরই গোল্ডবার্গ মোবাইল ল্যাপটপ ও ট্যাবলেটের কয়েকটি মডেল বাজারে আনার পরিকল্পনা করেছে বলে জানান কোম্পানির চেয়ারম্যান।
