২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট ঘিরে ‘সতর্ক’ পুঁজিবাজার

নতুন অর্থবছরের বাজেট প্রস্তাবের দিনে দেশের দুই পুঁজিবাজারে লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2015, 04:37 PM

Updated : 22 Aug 2022, 12:25 PM

আগের দিন দেশের প্রধান পুঁজিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হাজার কোটি টাকা ছাড়ালেও বৃহস্পতিবার তা কমে অর্ধেকেরও নিচে নেমে এসেছে ।

পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, নতুন বাজেটের প্রস্তাবে ফলে বাজারের কী প্রভাব পড়ে পর্যবেক্ষণ করছেন বিনিয়োগকারীরা।  

বৃহস্পতিবার ডিএসইতে ৪৯৯ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় প্রায় ২২৬ কোটি কম।

এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১০০ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪০ কোটি ১৩ লাখ টাকা বেশি।

ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাজেটে কি হবে সেটার জন্য অপেক্ষা করছে বিনিয়োগকারীরা। সে জন্য আজকে বিনিয়োগকারীরা কিছুটা অবজারভেশনে আছে। তাই লেনদেন কমেছে। ”

সপ্তাহের শেষ দিনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫ পয়েন্ট। আর সিএসইর প্রধান সূচক সিএসপিআই ৩৩ পয়েন্ট বেড়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে ৩১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এদিন ৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৯১ পয়েন্টে হয়।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০ কোম্পানি হল- সামিট পাওয়ার, কেপিসিএল, বেক্সিমকো লিঃ, এএফসি এগ্রো, ফার কেমিকেল, গ্রামীণ ফোন, শাশা ডেনিমস, ইউনাইটেড পাওয়ার, অ্যাপোলো ইস্পাত ও লাফার্জ সুরমা সিমেন্ট।

সিএসইর সার্বিক সূচক সিএসপিআই এদিন ৩৩ পয়েন্ট বেড়ে হয়েছে ১৪ হাজার ১৯১ পয়েন্ট।

এ বাজারে লেনদেন হয়েছে ২২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত ছিল ৩০টির দর।

সপ্তাহের প্রথম দুই দিন দুই বাজারেই সূচক বাড়লেও কমে মঙ্গলবার। সাড়ে সাত মাস পর সোমবার ডিএসইর লেনদেন হাজার কোটি টাকা ছাড়ায়।

বুধবার শবে বরাতের জন্য বন্ধ ছিল দুই স্টক এক্সচেঞ্জ।