যুক্তরাষ্ট্রে মামলার মুখে পড়তে হচ্ছে এইচএসবিসিকে
ট্রাস্টি হিসেবে যথাযথ দায়িত্ব পালন না করার অভিযোগে বিচারের মুখোমুখি হতে হচ্ছে বহুজাতিক ব্যাংক এইচএসবিসিকে।
যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের একটি আদালত সোমবার এইচএসবিসি হোল্ডিংসের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়ে বিচার চালিয়ে যাওয়ার আদেশ দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
২০০৮ সালে অর্থনৈতিক মন্দার সময় প্রায় ৩৪ বিলিয়ন ডলার লোকসানকারী তিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান এইচএসবিসিসহ ২৭১টি ট্রাস্ট্রির বিরুদ্ধে এ মামলা করেছে।
ব্ল্যাক রক, এলিয়েঞ্জ এবং প্যাসিফিক ইনভেস্টমেন্ট নামে এই তিন প্রতিষ্ঠান এমন কিছু ঋণপত্রে বিনিয়োগ করে যেগুলোর বন্ধক হিসেবে ছিল যুক্তরাষ্ট্রের আবাসন । বিনিয়োগকারীরা যাতে তাদের বিনিয়োগ ফেরত পায় সে বিষয়টি দেখভালের দায়িত্ব থাকে ট্রাস্টিদের উপর।
ট্রাস্ট্রি একটি নির্দিষ্ট ফির বিনিময়ে এই কাজ করে থাকে। ঋণপত্র বাজারে ছেড়ে টাকা উত্তোলনকারীরা ট্রাস্টি নিয়োগ দিয়ে থাকে।
ম্যানহাটনের জেলা জজ সিরা সিন্ডলিন বলেন, বিনিয়োগকারীরা চুক্তি ভঙ্গের জন্য এবং তথ্য গোপনের জন্য ট্রাস্টিদের কাছ থেকে ক্ষতিপূরণও দাবি করতে পারেন।
