২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল’ আইন সংশোধনে সায়

সরকার পর্যায়ে (জিটুজি) অর্থনৈতিক অঞ্চল করার সুযোগ রেখে একটি আইন সংশোধনের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2015, 05:31 PM

Updated : 22 Aug 2022, 12:23 PM

সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় তথ্য প্রযুক্তি শিল্প স্থাপন করা হবে বলেও বিধান রাখা হয়েছে আইনে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) আইন, ২০১৫’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, “বর্তমানে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইনে চার ধরনের অর্থনৈতিক অঞ্চল করার বিধান রয়েছে।”

“সরকারি, বেসরকারি, সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব এবং বিশেষায়িত এই চার ভাবে অর্থনৈতিক অঞ্চল করার বিধান রয়েছে বিদ্যমান আইনে। তবে দুই দেশের সরকার পর্যায়ে অর্থনৈতিক অঞ্চল করার বিধান নেই।”

“বর্তমানে বিভিন্ন দেশ সরকারের সঙ্গে অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহ প্রকাশ করেছে এজন্য সংশোধিত আইনে অন্য দেশের সরকার বা অংশীদারিত্বের ভিত্তিতে এ সুযোগ রাখা হয়েছে।”

আরও দুটি বিষয় এ আইনে সংযুক্ত করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, “বিদ্যমান আইনে সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় অর্থনৈতিক অঞ্চল করা যাবে না বলে উল্লেখ রয়েছে, তবে সংশোধিত আইনে এ বিধান থাকছে না, তবে তা শুধুমাত্র আইসিটি (তথ্য প্রযুক্তি) শিল্পের জন্য।

“কেবল মাত্র আইসিটি শিল্প আরবান এলাকায় করা যাবে। আইসিটি শিল্পে বিনিয়োগকারীরা বেশি দূর যেতে চায় না তাই এ ব্যবস্থা রাখা হয়েছে।”

এছাড়া সংশোধিত আইনে সরকার ‍টু সরকার পর্যায়ে অর্থনৈতিক অঞ্চল গঠনে প্রক্রিয়াকরণ কমিটি গঠন করা হবে।

এই কমিটি কিভাবে গঠন করা হবে তা আইনের বিধি প্রণয়নের মাধ্যমে ঠিক করা হবে বলে জানান মোশাররাফ হোসাইন ভূইঞা।