২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমানতের সুদহারও কমলো

সঞ্চয়পত্রের সুদহার কমার পর আমানতের সুদহার কমিয়েছে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2015, 05:47 PM

Updated : 25 Apr 2022, 01:25 PM

সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বেসিক ব্যাংক লিমিটেড স্থায়ী আমানতের সুদহার দশমিক ৫০ শতাংশ পয়েন্ট পর্যন্ত কমিয়েছে।

আগামী ১ জুন থেকে নতুন সুদহার কার্যকর হবে।

তবে ১ জুনের আগে রাখা স্থায়ী আমানতের ক্ষেত্রে নতুন সুদহার প্রযোজ্য হবে না।

এর আগে ২৩ মে অর্থমন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে পাঁচ ধরনের সঞ্চয়পত্রের সুদহার এক দশমিক ৯০ শতাংশ পয়েন্ট পর্যন্ত কমায়।

ঋণের সুদহার কমানোর লক্ষ্যে এসব মেয়াদি বা স্থায়ী আমানতের সুদ হার কমানো হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জায়েদ বখত।

বিআইডিএসের সাবেক এই গবেষক বলেন, “সরকার সঞ্চয়পত্রের সুদহার কমিয়েছে। এছাড়া বাজারেও ঋণের চাহিদা কম। সার্বিক প্রেক্ষাপটে আমানতের সুদহার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

“এছাড়া আমরা উচ্চ সুদবাহী আমানত নিরুৎসাহিত করে নো-কস্ট ও লো-কস্ট ডিপোজিট সংগ্রহ বাড়ানোর চেষ্টা করছি, যাতে ঋণের সুদ হার কমানো যায়। আমরা সেই চেষ্টাই করছি।”

স্থায়ী আমানতে দশমিক ৫০ শতাংশ পয়েন্ট সুদ কমিয়ে নতুন সুদহার নির্ধারণ করেছে সোনালী, জনতা ও রূপালী ব্যাংক।   

ঘোষিত নতুন সুদহার অনুযায়ী, তিন মাস বা তার বেশি কিন্তু ছয় মাসের কম স্থায়ী আমানতে সুদ হবে ৭ দশমিক ৫০ শতাংশ, ছয় মাস বা তার বেশি কিন্তু এক বছরের কম সময়ে গ্রাহকরা আমানতে সুদ পাবে ৭ দশমিক ৭৫ শতাংশ।

আর এক বছর বা তার সময়ের আমানতের সুদহার ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

অগ্রণী ব্যাংকের তিন মাস বা তার বেশি কিন্তু ৬ মাসের কম সময়ের আমানতের নতুন সুদহার ৭ দশমিক ২৫ শতাংশ, যা ৭ দশমিক ৫০ শতাংশ ছিল।

৬ মাস বা তার বেশি কিন্তু এক বছরের কম সময়ে আমানতে সুদ পাবে ৭ দশমিক ৭৫ শতাংশ, আর এক বছর বা তার সময়ের আমানতের সুদ হার ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এই দুই ধরনের আমানতের সুদ হার ছিল ৮ শতাংশ ও ৮ দশমিক ৫০ শতাংশ।

বেসিক ব্যাংক এক মাস মেয়াদি আমানতে দশমিক ২০ শতাংশ পয়েন্ট কমিয়ে ৭ দশমিক ৩০ শতাংশ, ৩ মাস বা তার বেশি কিন্তু ছয় মাসের কম মেয়াদি আমানতে দশমিক ২৫ শতাংশ কমিয়ে ৭ দশমিক ৫০ শতাংশ, ৬ মাস মেয়াদি বা তার বেশি কিন্তু এক বছরের কম সময়ের আমানতে দশমিক ৫৫ শতাংশ কমিয়ে ৭ দশমিক ৭০ শতাংশ এবং এক বছর বা তার বেশি মেয়াদের আমানতে দশমিক ৫০ শতাংশ কমিয়ে ৮ শতাংশ নির্ধারণ করেছে।

তবে ৫ কোটি টাকার বেশি যেকোন আমানতে ক্ষেত্রে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এই ঘোষিত সুদ হারের বাইরেও সুদ হার নির্ধারণ করতে পারবেন শাখা ব্যবস্থাপকরা।

পুরনো খবর:

আগে কেনা সঞ্চয়পত্রে সুদহার অপরিবর্তিত থাকছে