গ্রাহক হারাচ্ছে ওয়াইম্যাক্স, বাড়ছে মোবাইল ইন্টারনেট
মোবাইলে ইন্টারনেটের গ্রাহক সংখ্যা বাড়ার বিপরীতে গ্রাহক হারাচ্ছে তারবিহীন (ওয়্যারলেস) ব্রডব্যান্ড সেবাদাতা ওয়াইম্যাক্স অপারেটররা।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) রোববার প্রকাশিত মোবাইল ফোন ও ইন্টারনেট গ্রাহক সংখ্যার এপ্রিল মাসের প্রতিবেদনে দেখা গেছে, গত একবছরে ওয়াইম্যাক্স অপারেটরদের গ্রাহক কমেছে এক তৃতীয়াংশের বেশি।
প্রতিবেদনে ছয়টি মোবাইল ফোন অপারেটরদের ইন্টারনেট গ্রাহক সংখ্যা বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।
এতে দেখা গেছে, এপ্রিলের শেষ নাগাদ দেশে দুটি ওয়াইম্যাক্স অপারেটর বাংলালায়ন ও কিউবির গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯৮ হাজার।
এক বছর আগে একই সময়ে ছিল ২ লাখ ৯৬ হাজার।
এর বিপরীতে এক বছরে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৮৬ লাখ বেড়ে এপ্রিল শেষে চার কোটি ৪২ লাখ ছাড়িয়েছে।
একই সময়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক বেড়েছে মাত্র ৩৭ হাজার।
এক বছর আগে এই ইন্টারনেট সেবা নিয়েছেন ১২ লাখ ৯৬ হাজার জন, যা এপ্রিল নাগাদ দাঁড়িয়েছে ১২ লাখ ৫৬ হাজারে।
বিটিআরসির প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের মার্চ থেকে এপ্রিলের শেষ পর্যন্ত সার্বিকভাবে ইন্টারনেট গ্রাহক সংখ্যা ১১ লাখ বেড়ে হয়েছে চার কোটি ৫৬ লাখের বেশি।
মার্চের শেষ নাগাদ এ গ্রাহক সংখ্যা ছিল প্রায় চার কোটি ৪৬ লাখ।
বিটিআরসি’র হিসাবে অপারেটরদের মধ্যে গ্রাহক পতনের ধারা অব্যাহত রয়েছে সিটিসেলের। মার্চ থেকে এপ্রিল পর্যন্ত এ অপারেটর ১৬ হাজার গ্রাহক হারিয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির গ্রাহক ১২ লাখ ৩০ হাজার।
গ্রাহক বাড়ছে এয়ারটেলের। মার্চের তুলনায় এপ্রিলের শেষ নাগাদ এই অপারেটরের গ্রাহক বেড়েছে প্রায় ২ লাখ বেড়ে ৮৩ লাখ ৫১ হাজার হয়েছে।
গ্রাহক সংখ্যার দিক থেকে দেশের সবচেয়ে বড় অপারেটর গ্রামীণফোনের একই সময়ে গ্রাহক তিন লাখ বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ২৩ লাখের বেশি।
এছাড়া বাংলালিংকের গ্রাহক এক লাখ বেড়ে তিন কোটি ২০ লাখ, রবির চার লাখ বেড়ে দুই কোটি ৬৬ লাখ এবং একমাত্র রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটকের গ্রাহক ৫৫ হাজার বেড়ে ৪০ লাখ ৯৬ হাজার হয়েছে।
সব মিলিয়ে এপ্রিলের শেষ নাগাদ মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১১ লাখ বেড়ে ১২ কোটি ৪৭ লাখ ছাড়িয়েছে।
