২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালের জন্য এক দিনের বেতন দেবে ব্র্যাককর্মীরা

নেপালের ভয়াবহ ভূমিকম্পে দুর্গতদের সহায়তায় এক দিনের বেতন দেবে বেসরকারি সংস্থা ব্র্যাকের এর কর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2015, 05:23 PM

Updated : 12 Oct 2022, 03:42 PM

এছাড়া নিজস্ব তহবিল থেকেও প্রায় আট কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্র্যাক।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ব্র্যাকের পরিচালক আসিফ সালেহ।

তিনি বলেন, ব্র্যাক, ব্র্যাক ব্যাংক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রায় লক্ষাধিক কর্মী তাদের এক দিনের বেতন অনুদান হিসেবে দেবে, যার পরিমাণ চার কোটি টাকা।

“প্রাথমিকভাবে প্রায় ১২ কোটি টাকায় কার্যক্রম শুরু করলেও আগামী দুই বছরে নেপালে ১১৭ কোটি টাকা খরচের সিদ্ধান্ত গ্রহণ করেছে ব্র্যাক। এই লক্ষ্যে বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার নিকট থেকে ১০৫ কোটি টাকার তহবিল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।”

এছাড়াও নেপালের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও দুর্গম এলাকা নোয়াকটে দুর্গতদের জন্য নানাবিধ সহায়তা দেওয়ার অঙ্গীকার করা হয় সংবাদ সম্মেলনে।

“এসবের মধ্যে রয়েছে পাঁচ হাজার পরিবারের জীবিকা নির্বাহে সহায়তা, ৩০ হাজার ক্ষতিগ্রস্ত মানুষকে মনো-সামাজিক কাউন্সিলিং প্রদান, শারীরিকভাবে পঙ্গুত্ববরণ করা ২০০ মানুষকে পুনর্বাসনে সহায়তা। নোয়াকটে মোট দুই হাজার খানার (হাউসহোল্ড) মানুষকে অস্থায়ী বসতি করে দেওয়া হবে। পরবর্তীতে ভূমিকম্প প্রতিরোধক স্থাপনা নির্মাণ করে এদেরকে পুনর্বাসন করা হবে।”

আসিফ বলেন, “ক্ষতিগ্রস্ত এলাকায় বীজ ও সার বিতরণ, নার্সারি তৈরি, খাদ্যশস্যের গুদাম তৈরি, পোল্ট্রি ও গবাদি পশুর খামার তৈরি, মুদি দোকানসহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসার জন্য অনুদান প্রদান করা হবে। পাশাপাশি পাঁচ হাজার খানার সদস্যদের দেওয়া হবে জীবিকা ভাতা।” 

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতিমধ্যে অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় ওষুধপত্র বাবদ ব্র্যাক ইন্টারন্যাশনালের তহবিল থেকে প্রাথমিকভাবে ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দেওয়া হয়েছে।

নেপালে অবস্থানকারী ব্র্যাকের একটি মেডিক্যাল টিম নেপাল সরকার ও বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় রক্ষা করে ধোলেখাল, ভক্তপুর, সিন্ধুপালচক, ললিতপুর ও কাঠমুন্ডুতে জরুরি চিকিৎসাসেবা দিচ্ছে।

“ব্র্যাক বরাবরই মানুষের সেবায় নিয়োজিত। প্রতিবেশী দেশ নেপালের এত বড় মানবিক বিপর্যয়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য বলে মনে করি,” বলেন ব্র্যাক পরিচালক আসিফ সালেহ।  

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) এস এন কৈরী ও পরিচালক ড. আকরামুল ইসলাম।

এর আগে ব্র্যাক ২০১০ সালে হাইতিতে ভূমিকম্প ও ২০০৪ সালে ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কায় সুনামির পর সেখানে ত্রাণ ও পুর্নবাসনে কাজ করেছে।