২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেট গ্রাহক বাড়ানোয় গুরুত্ব গ্রামীণফোনের

ইন্টারনেট গ্রাহক সংখ্যা বাড়াতে বিনিয়োগের কথা জানিয়ে আগামী কয়েক বছরে গ্রামীণফোনের পাঁচ কোটি ইন্টারনেট গ্রাহক তৈরির লক্ষ্যের কথা জানিয়েছেন মোবাইল অপারেটরটির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2015, 03:04 AM

Updated : 12 Oct 2022, 03:42 PM

তিনি বলেন, “গ্রামীণফোন আগামীতে ইন্টারনেটের ভবিষ্যত দেখছে। জিপি মনে করে ইন্টারনেট সবার জন্য, আমাদের লক্ষ্য ৫ কোটি ইন্টারনেট গ্রাহক তৈরি করা। আমরা এজন্য কাজ করছি। এজন্য আমরা বিনিয়োগ করছি এবং ভবিষ্যতেও বিনিয়োগ অব্যাহত রাখব।”

তবে এক্ষেত্রে সরকারেরও কিছু করার রয়েছে বলে মনে করেন তিনি।

বাংলাদেশে ইন্টারনেট গ্রাহক বাড়াতে অপারেটরদের ট্যাক্স কমানোর পাশাপাশি গ্রাহক পর্যায়ে মূসক প্রত্যাহার করা উচিত বলে মনে করেন রাজীব শেঠি।

এছাড়া ডাটার চাহিদা বৃদ্ধির দিকে নজর দিয়ে অব্যবহৃত তরঙ্গ নিলাম দ্রুত হওয়া উচিত বলেও মনে করেন গ্রাহক সংখ্যার দিক থেকে দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটরের প্রধান নির্বাহী কর্মকর্তা।

বাংলাদেশে বর্তমান টেলিকম ব্যবসা ও টেলিযোগাযোগ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ কয়েকটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন রাজীব শেঠি।

প্রতিষ্ঠার ১৭ বছরের মাথায় বাংলাদেশের প্রথম অপারেটর হিসাবে গত অক্টোবরে ৫ কোটি গ্রাহকের মাইলফলক অতিক্রম করে গ্রামীণফোন। প্রতিষ্ঠানটির এই গ্রাহক সংখ্যা দেশের মোট মোবাইল ফোন ব্যবহারকারীর প্রায় ৪২ শতাংশ।

গত বছর ডিসেম্বরে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে আসেন রাজীব শেঠি ।

বাংলাদেশে গত ৫ মাসের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “গ্রামীণফোন শুধু একটি অপারেটর নয়, সমাজ ও অন্যান্য ক্ষেত্রেও এর প্রভাব রয়েছে। এখানে বেশিরভাগ লোক গ্রামীণফোনে কাজ করতে চায়, যা আমাদের সাহায্য করছে। তারা ভাল মানের লোকবল, তারা বুদ্ধিমান ও মেধাবী।

“বাংলাদেশ তরুণদের দেশ। এখানে তিন ভাগের দুই ভাগ জনসংখ্যা ৩৫ বছরের নীচে। তরুণ প্রজন্ম এ দেশকে চালিত করছে, তারা দেশের ভবিষ্যত এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ খুবই ভাগ্যবান, কারণ এখানকার মানুষ নতুন নতুন চিন্তা ও তা আয়ত্ত্ব করতে পারে।”

ইন্টারনেট গ্রাহক বৃদ্ধির জন্য কর্মপরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, “ইন্টারনেট ব্যবহারে গ্রাহকদের বুঝাতে হবে কেন এবং কীভাবে ইন্টারনেট ব্যবহার করতে হবে। এখানে কনটেন্ট বিশেষ করে বাংলা কনটেন্ট বেশি গুরুত্বপূর্ণ, সরকারের পক্ষ থেকেও কিছু সার্ভিস শুরু করতে হবে।

“বাংলাদেশের বেশিরভাগ ইন্টারনেট ব্যবহারকীরা সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করছে। এভাবে গ্রামীণফোনের ৫ কোটি ইন্টারনেট গ্রাহক তৈরি করা যাবে না। এজন্য অন্যান্য ক্ষেত্র যেমন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ইত্যাদিতে যেতে হবে। এজন্য আমরা কনটেন্ট ডেভলপার এবং সরকারের সঙ্গে কাজ করছি।”

ইন্টারনেট গ্রাহক সংখ্যা বৃদ্ধির জন্য সরকারের অপারেটরদের ট্যাক্স কমানো এবং গ্রাহক পর্যায়ে মূসক প্রত্যাহার করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমানে যে কোনো ইন্টারনেট প্যাকেজের উপর গ্রাহকদের ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক) দিতে হয়।

গ্রামীণফোনের যে তরঙ্গ (স্পেকট্রাম) রয়েছে, আগামী বছরগুলোতে ৫ কোটি ইন্টারনেট গ্রাহক হলে তা কি যথেষ্ট থাকবে- সাংবাদিকদের এ প্রশ্নে রাজীব শেঠি বলেন, “আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে ইন্টারনেট গ্রাহক সংখ্যা কয়েকগুণ হবে। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। প্রতিবছর দ্বিগুণ হচ্ছে, ডাটা ব্যবহারের পরিমাণ বাড়ছে। এজন্য প্রচুর তরঙ্গের প্রয়োজন হবে।

“বর্তমানে যে তরঙ্গ বরাদ্দ করা রয়েছে তার ব্যবহার নির্দিষ্ট করা হয়েছে। তরঙ্গ নিরপেক্ষতা হতে হবে, গ্রাহকের চাহিদা অনুযায়ী তা যেন ব্যবহার করতে পারি। এজন্য স্পেকট্রাম রোডম্যাপ প্রণয়ন করতে হবে, ভবিষ্যত পরিকল্পনা অপারেটরদের কাছে পরিষ্কার করতে হবে।”

স্মার্ট হ্যান্ডসেট প্রসারে তারা কী উদ্যোগে নিচ্ছেন জানতে চাইলে গ্রামীণফোনের সিইও বলেন, “ইন্টারনেট ব্যবহারে হ্যান্ডসেট একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে ১৫ থেকে ২০ শতাংশ স্মার্টফোন রয়েছে। ভাল খবর হচ্ছে যে, নতুন যেসব হ্যান্ডসেট বিক্রি হচ্ছে তার ৩০ থেকে ৪০ শতাংশই হচ্ছে স্মার্টফোন। থ্রিজি হ্যান্ডসেট ৪০ থেকে ৫০ ডলারে পাওয়া যাচ্ছে। ডিভাইস ভেন্ডরদের সাথে কাজ করা হচ্ছে, তারা বলছে হ্যান্ডসেটের দাম আরো কমবে। আগের বছরগুলো থেকে এখন থ্রিজি ডিভাইস বাড়ছে। এটি খুবই ভাল লক্ষ্মণ। ডিভাইস ইকো সিস্টেম যত পরিবর্তন হবে তত সুবিধা হবে।”

নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সঙ্গে কর্মসম্পর্ক কী রকম জানতে চাইলে রাজীব বলেন, “গত কয়েক বছর বিটিআরসির সাথে অপারেটরদের খুব ভাল কর্মপরিবেশ রয়েছে। কিছু জায়গায় বিটিআরসির নজর দিতে হবে, যেমন টেলিকম পলিসি আপডেট দ্রুত করতে হবে।”

অব্যবহৃত টু জি ও থ্রি জি তরঙ্গ (স্পেকট্রাম) নিলাম অনুষ্ঠান না হলে কী সমস্যা হতে পারে বলে মনে করেন- এ প্রশ্নের জবাবে রাজীব শেঠি বলেন, “ভবিষ্যতে আরো স্পেকট্রাম দরকার হবে। ডাটার চাহিদা বাড়ছে। তরঙ্গ নিলাম না হলে ডিজিটাল বাংলাদেশ ভিশন ক্ষতিগ্রস্ত হবে। ভবিষ্যতের চাহিদার কথা বিবেচনা করে অতিরিক্ত তরঙ্গ নিতে হবে অপারেটরদের।”

তরঙ্গ নিলামের জন্য সিম রিপ্লেসমেন্ট ইস্যু সমাধানসহ অন্যান্য বিষয়গুলোর সুরাহারও আহ্বান জানান গ্রামীণফোনের সিই্ও।

প্রস্তাবিত সংশোধিত তরঙ্গ নিলামে আরো দুটি অপারেটর আসার সুযোগ রাখা হচ্ছে।

বাংলাদেশে আরো অপারেটরের ব্যবসার পরিবেশ আছে কি না সে বিষয়ে মতামত জানতে চাইলে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, “বর্তমানে ৬টি অপারেটরের মধ্যে ভাল প্রতিযোগিতা রয়েছে। আমরা সব সময় আরো বেশি প্রতিযোগিতাকে স্বাগত জানাই।”

থ্রিজির অগ্রগতি নিয়ে রাজীব শেঠী বলেন, “গত ১৮ মাসে থ্রিজি শুরু হওয়ার পর ভাল অগ্রগতি হয়েছে। ‍যারা টুজি ইন্টারনেট ব্যবহার করতো তারা সবাই থ্রিজি ইন্টারনেট ব্যবহার করছে। অনেক দেশেই এ রকম অগ্রগতি হয়নি। সব জেলায় গ্রামীণফোনের থ্রিজি চলে গেছে। থ্রিজিতে আমরা আরো বিনিযোগ করবো।” 

থ্রিজির পর চোর জি চালু করতে গ্রামীণফোনের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “লাইসেন্স নীতিমালা অনুযায়ী তিন বছরের মধ্যে বাংলাদেশের সব জায়গায় থ্রিজি রোল আউট করা হবে। আমরা বর্তমানে ৬৪টি জেলায় চলে গেছি। আমরা ফোরজিতে বিনিয়োগে আগ্রহী, তবে এজন্য তরঙ্গ নিরপেক্ষতা থাকতে হবে।”