২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-ভারতের বাণিজ্য ইস্যু নিষ্পত্তিতে বৈঠক

বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘ দিন ধরে অমিমাংসিত বিষয়গুলো সমাধানে দুদেশের সচিব পর্যায়ে আলোচনা শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2015, 12:19 AM

Updated : 22 Aug 2022, 12:17 PM

রোববার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে দুদিনব্যাপী এই বৈঠকের শুরুর দিন অনিষ্পন্ন বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির একমত হয়েছে দুই দেশ।

রোববার সন্ধ্যায় রাজধানী ঢাকার সোনারগাঁও হোটেলে প্রথম দিনের এ বৈঠক হয়। দুই দিন বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে দুই দেশের বাণিজ্য সচিবদের।

বৈঠকে বাংলাদেশের বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের নেতৃত্বাধীন ১৩ সদস্যের প্রতিনিধি দল এবং ভারতের বাণিজ্য সচিব রাজীব খেরের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।

বৈঠক শেষে সাংবাদিকদের আলোচনার সার সংক্ষেপ জানান দুই সচিব। 

বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষীয় সম্পর্কের অংশ হিসেবে বাণিজ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এর আগে ২০১২ সালের ২৮ ও ২৯ এপ্রিল ভারতের নয়াদিল্লিতে সচিব পর্যায়ের এই সভা হয়।

হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, “আমরা বাণিজ্যিক সম্পর্কের সকল বিষয়ে আলোচনা করেছি। যেসব বাণিজ্যিক বিষয় অনিষ্পন্ন রয়েছে সেগুলো সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে। সেগুলো দ্রুত সমাধান করা হবে।

“ইতিমধ্যে আমরা দুদেশের মধ্যে বাণিজ্যিক চুক্তি চুড়ান্ত করেছি। এর ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টও স্বাক্ষর হয়েছে। আমরা আশা করছি, আজকের আলোচনা দুই দেশের সম্পর্ক উন্নয়নে সহায়তা করবে।”

ভারতের বাণিজ্য সচিব রাজীব খের বলেন, “সামগ্রিক বাণিজ্যিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। বাণিজ্যিক সমস্যা সমাধানে আমরা বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছি।

“সভার দুটো উদ্দেশ্য ছিলে- একটি হচ্ছে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষীয়ভাবে বাণিজ্যিক সম্পর্ক কীভাবে আরও শক্তিশালী ও উন্নত করতে পারে। আর আমাদের ইকোনোমিক মার্কেটের ম্যানার থেকে একে অপরে কীভাবে সুবিধা পেতে পারে এবং দক্ষতা বাড়াতে পারে।”

সভার আলোচ্যসূচিতে ছিল- বাংলাদেশের বিএসটিআই কর্তৃক প্রদত্ত টেস্ট সার্টিফিকেটের ভারত কর্তৃক স্বীকৃতি প্রদান, ভারত থেকে পণ্য আমদানিতে অস্থায়ী বাধা দূর করা, বর্ডার হাট, বাংলাদেশের তৈরি পোশাকের ওপর থেকে ভারতের আরোপিত সিভিডি প্রত্যাহার, বাংলাদেশের তৈরি পাটের ব্যাগ ভারতে রপ্তানির সমস্যা দূর করা, স্থল বন্দরগুলোর উন্নয়ন, খাগড়াছড়ি জেলার সীমান্তে ফেনী নদীতে সেতু নির্মাণ, বাংলাদেশ-ভারত বাণিজ্য চুক্তি নবায়ন, ভারত কর্তৃক স্পর্শকাতর হিসেবে বাংলাদেশি ২২৫টি পণ্যের তালিকা প্রত্যাহার, ভারত থেকে কমলা জাতীয় ফলের আমদানির ক্ষেত্রে শুল্ক প্রত্যাহার, ভারতীয় দুগ্ধজাতীয় পণ্যের বাংলাদেশের শুল্কমুক্ত প্রবেশ ও নতুন আন্তর্জাতিক পাট গ্রুপ প্রতিষ্ঠা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে সামনে রেখে এই সচিব পর‌্যায়ের বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন উভয় দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।