তৈরি পোশাকের শুল্ক তুলে নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান
বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে শুল্ক প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
শনিবার ‘টেকসই উন্নয়নের জন্য এশিয়ার দেশগুলোর মধ্যে অংশগ্রহণমূলক অর্থায়নে বিশেষজ্ঞ পর্যায়ে বৈঠক’ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
রাজধানীর ব্র্যাক-ইন অডিটোরিয়ামে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এ সেমিনারের আয়োজন করে।
পরিকল্পনা মন্ত্রী বলেন, “বাংলাদেশে এখন জনসংখ্যার ডিভিডেন্ট চলছে। বিপুল পরিমাণ জনশক্তি রয়েছে দেশে। এ বিপুল জনশক্তি কাজে লাগাতে বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়ার আহ্বান জানান।
এসময় তিনি সম্প্রতি সাগরে ভাসমান মানুষকে পাড়ে উঠতে না দেওয়াকে অমানবিক বলে মন্তব্য করেন।
তারমতে, তাৎক্ষণিক ভাসমান মানুষকে আশ্রয় দেওয়া উচিত। এটা সামাজিক ও ধর্মীয় শিক্ষায়ও অমানবিক।
সেমিনারে বক্তারা বলেন, ২০১৫ পরবর্তী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ঠিক হওয়ার পর তা বাস্তবায়নে অর্থের জোগান পেতে উন্নয়নশীল দেশগুলোকে বৈদেশিক সাহায্য নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ উৎস থেকে আহরিত রাজস্বের উপরই বেশি নির্ভর করতে হবে।
এজন্য বেসরকারি ও বৈদেশিক বিনিয়োগ, আঞ্চলিক বাণিজ্য ও রেমিটেন্স আয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এ কাজগুলো করতে হলে আন্তর্জাতিক ও আঞ্চলিক অর্থনৈতিক এবং রাজনৈতিক সংস্থাগুলোকে কার্যকর প্রতিষ্ঠানে পরিণত হতে হবে।
তবেই আঞ্চলিক বাণিজ্যের সুবিধা এসব দেশ পাবে। সেই সঙ্গে সুষ্ঠু অর্থায়ন নিশ্চিত করতে সঠিক ও মানসম্পন্ন তথ্য-উপাত্ত্বের ওপর গুরুত্বারোপ করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে জাতিসংঘ উন্নয়ন সংস্থার (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিন্স বলেন, গত ছয় বছর ধরে এ দেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ ভাগের বেশি হচ্ছে। এটা আশার কথা।
বাংলাদেশের অর্থনীতি রেমিটেন্স, তৈরি পোশাক রপ্তানি ও কৃষির উপর নির্ভরশীল। এরমধ্যে রেমিটেন্স ও তৈরি পোশাক রপ্তানি বিশ্ব অর্থনীতির উত্থান-পতনের সঙ্গে সম্পর্কিত বলে দীর্ঘমেয়াদে তা টেকসই নাও হতে পারে।
বাংলাদেশের মতো দেশগুলোর জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কর ও সরকারি ব্যবস্থাপনায় সংস্কার ও আঞ্চলিক বাণিজ্যের উপর বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি।
রাজস্ব আহরণ নিয়ে তিনি বলেন, বাংলাদেশে কর দেয় এমন লোকের সংখ্যা মাত্র ১৪ লাখ যা মোট জনসংখ্যার ১ ভাগেরও কম। এ সংখ্যা ৭০ লাখ হওয়া উচিত বলে মনে করেন তিনি।
অনুষ্ঠানের সঞ্চালক সিপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশকে টেকসই উন্নয়নের দিকে নিয়ে যেতে হলে শিক্ষা, স্বাস্থ্য, রপ্তানি বাণিজ্য ও কৃষি খাতের উন্নয়নের ওপর মনোযোগী হওয়া উচিত।
এসময় তিনি আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে সরকারের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সরকারি ও বেসরকারি উদ্যোগে অথবা পিপিপির ভিত্তিতেও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ওপর জোর দেন মুস্তাফিজুর রহমান।
সেমিনারের মূল প্রবন্ধে সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য্য বলেন, “এখন এশিয়া ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বৈদেশিক সহায্য নির্ভরতা কমে যাচ্ছে। কোনো দেশই এখন কোন প্রকল্পের জন্য বৈদেশিক সাহায্যের নির্ভরশীল থাকছে না। যদিও এখনো বৈদেশিক সাহায্যের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে। উন্নয়নশীল দেশগুলো এখন অভ্যন্তরীণ সম্পদের ওপর বেশি নির্ভরশীল হচ্ছে। বিশেষ করে ব্যক্তিখাতের বিনিয়োগ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। এখাতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো এখনো দুর্বল অবস্থায় রয়েছে।”
“আগামী দিনগুলোতে রপ্তানি বাণিজ্য ও প্রবাসীদের পাঠানো রেমিটেন্স অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আগামী দিনে আন্তঃ আঞ্চলিক বাণিজ্য আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে আসবে।”
এগুলোকে টেকসই ও সমন্বয় করার জন্য দেশীয় ও বৈশ্বিক প্রাতিষ্ঠানিক নীতি কাঠামো আরও শক্তিশালী করার দরকার বলে মনে করেন দেবপ্রিয়।
তিনি বলেন, “আমরা এখন যেহেতু বৈশ্বিক অর্থনীতির সঙ্গে যুক্ত হচ্ছি, সেহেতু বৈশ্বিক অর্থনৈতিক ঝুঁকি আমাদের খুব সহজে কাবু করে দিতে পারে।”
এ জন্য উন্নত বিশ্বের কাছে উন্নয়নশীল দেশগুলোর বক্তব্য উপস্থাপনের জন্য পরিবেশ তৈরি করতে হবে বলে মনে করেন সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয়।
সেমিনারে বিশ্বব্যাংকের ‘পভার্টি গ্লোবাল প্র্যাকটিস’ শাখার পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ম্যানেজার সালমান জায়েদী বলেন, ২০১৫ পরবর্তী বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য বিশ্বব্যাংক গ্রুপের সহযোগিতা অব্যাহত থাকবে। তবে কী ধরনের সহযোগিতা সবচেয়ে কার্য়কর হবে তার জন্য বিশ্বব্যাংক, আইএমএফ ও আইএফসি মিলে একটি কৌশলপত্র তৈরি করছে।
বিশেষ অতিথির বক্তব্যে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি ইউ ইয়াং বলেন, টেকসই উন্নয়নের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন অবকাঠামো উন্নয়ন ও দক্ষ জনশক্তি। এজন্য বেসরকারি বিনিয়োগ বাড়ানো দরকার।
তিনি বলেন, “দক্ষ জনশক্তি থাকলে বিনিয়োগে বেশি বেগ পেতে হয় না।”
