আবহাওয়ার জন্য অবতরণ: আন্তর্জাতিক ফ্লাইটে উঠল ‘লোকাল’ যাত্রী
আবহাওয়া খারাপের কথা বলে অবতরণের পর কোনো ঘোষণা ছাড়াই বিমানের আন্তর্জাতিক ফ্লাইটে অভ্যন্তরীণ রুটের যাত্রী পরিবহনের ঘটনা ঘটেছে।
এতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অন-ফ্লাইট নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রী ও বিশেষজ্ঞরা।
গত শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর থেকে আসা বিমানের ফ্লাইট বিজি-৮৫ খারাপ আবহাওয়ার কারণে চট্রগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রায় ঘণ্টাখানেক অপেক্ষার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে উড়াল দেয় বিমানের ওই উড়োজাহাজ। এরইমধ্যে তাতে চট্রগ্রাম-ঢাকা রুটের কয়েকজন যাত্রীকে উঠানো হয়।
ওই ফ্লাইটের এক যাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্রগ্রামে অবতরণের আগে আমাদের বলা হয়েছিল, খারাপ আবহাওয়ার কারণে এখানে অবতরণ করতে হচ্ছে। সেখানে প্রায় দেড় ঘণ্টা আমাদের অপেক্ষা করতে হয়।
“ফ্লাইটটি ছাড়ার আগ মুহূর্তে কয়েকটি অপরিচিত চেহারা দেখে জিজ্ঞাসা করায় তারা জানায়, তারা চট্টগ্রাম-ঢাকা রুটের ডমেস্টিক প্যাসেঞ্জার। আমি চাকরির কারণে বিভিন্ন এয়ারলাইন্সে বিভিন্ন স্থানে ভ্রমণ করি, কিন্তু এ ধরনের অভিজ্ঞতা আমার কখনো হয়নি। একটি এয়ারলাইন্স কীভাবে একই ফ্লাইটে ইন্টারন্যাশনাল ও ডমেস্টিক প্যাসেঞ্জার ক্যারি করে?”
প্রায় চার বছর বন্ধ থাকার পর গত মাসে অভ্যন্তরীণ রুটগুলোতে নির্দিষ্ট উড়োজাহাজ দিয়ে ফ্লাইট চালু করে বিমান। তার আগেও আন্তর্জাতিক রুটের সংযোগ ফ্লাইটের মাধ্যমে ঢাকা-সিলেট এবং ঢাকা-চট্টগ্রাম রুটে অভ্যন্তরীণ যাত্রী পরিবহন করতো তারা।
বিমান পরিচালনা পর্ষদের সাবেক সদস্য ও এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহেদুল আলম মনে করেন, এ ধরনের ঘটনার ফলে বিমানের নিরাপত্তার বিষয়টি প্রশ্নবিদ্ধ হচ্ছে।
“এর নির্দিষ্ট কোনো নিয়ম নেই। তবে বিশ্বের কোনো এয়ারলাইন্সই ইন্টারন্যাশনাল ও ডমেস্টিক প্যাসেঞ্জার একই ফ্লাইটে পরিবহন করে না।”
তিনি বলেন, “এমনটা করলে বেশ কিছু টেকনিক্যাল সমস্যা আছে। যেমন কেউ যদি সিঙ্গাপুর থেকে চোরাচালান করে এসে বলে, ‘আমি চট্টগ্রাম থেকে এসেছি’, তাহলে তো তার ইমিগ্রেশন পার হতে হচ্ছে না। একইভাবে এ সুযোগটা যে কেউ খারাপ কাজে ব্যবহার করতে পারে, এতে পুরো বিমানবন্দরের নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে।”
এ বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠানটির কাছ থেকে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র জনসংযোগ বিভাগের জিএম খান মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ধরনের কোনো ঘটনা তিনি শোনেননি।
