পেঁয়াজের বাজার চড়ছেই
রোজা শুরুর এক মাসের বেশি সময় বাকি থাকলেও রমজানের অজুহাতে রাজধানীর খুচরা বাজারগুলোতে পেঁয়াজের দাম বেড়েই চলেছে।
গত মাসের শেষ দিকে খুচরায় প্রতি কেজি দেশি পেঁয়াজ ৩০ থেকে ৩২ টাকায় বিক্রি হলেও দ্বিতীয় সপ্তাহে তা ৩৮ থেকে ৪০ টাকায় দাঁড়ায়। ভারতীয় পেঁয়াজের দামও ২৬ টাকা থেকে বেড়ে ৩২/৩৫ টাকায় বিক্রি হওয়া শুরু হয়।
শুক্রবার রাজধানীর হাতিরপুল ও কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, মান ভেদে পেঁয়াজের খুচরা মূল্য ৪৫ থেকে ৪৮ টাকায় ঠেকেছে।
সকালে হাতিরপুল কাঁচা বাজারে কথা হয় বিএসএমএমইউয়ের নার্সিং কর্মকর্তা হালিমা বেগমের সঙ্গে ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৫ দিন আগে ৩৫ টাকায় দেশি পেঁয়াজ কিনলাম। সেই পেঁয়াজ আজ কিনতে হলো ১০ টাকা বেশি দরে।”
এছাড়া ডাল, জিরা, এলাচ, আদাসহ আরও কয়েকটি মসলার দাম কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা করে বেড়েছে।
কারওয়ান বাজারের খুচরা বিক্রেতা মজনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রমজানকে সামনে রেখে মসলা, ছোলা, ডাল, পেঁয়াজসহ আরও কয়েকটি পণ্যের দাম বাড়তির দিকে।
রমজান শুরুর একমাস আগেই কেন পণ্যের দাম বাড়ছে জানতে চাইলে মনজু বলেন, “পাইকার ও খুচরা বিক্রেতারা বেশি দামে পণ্য কিনতে বাধ্য হলেই কেবল বাজারে দাম বাড়ান। মজুতদাররা বাড়িয়ে দিলে আমরাও বাড়াতে বাধ্য হই।”
বাজারে ভালো মানের জিরার সরবরাহ কমে যাওয়ায় এই মসলার দাম রেড়েছে বলে জানান কাওরান বাজারের পাইকারি বিক্রেতা আনোয়ার হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরবরাহ কমে যাওয়ার কারণে জিরা, এলাচসহ আরও কয়েকটি মসলার দাম কেজি প্রতি ২০ টাকা বেড়ে গেছে।”
এছাড়া এক সপ্তাহ আগে ১৭০০ টাকা বস্তায় চিনি বিক্রি হলেও এখন তা বেড়ে ১৯২০ টাকা হয়েছে বলে জানান তিনি।
শুক্রবার খুচরা বাজারে কেজি প্রতি চিনি ৪০ টাকায় বিক্রি করতে দেখা গেছে বিক্রেতাদের, যা গত সপ্তাহে ৩৭ টাকা ছিল।
কাওরান বাজারে কেনাকাটার সময় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ইমরুল হাসান বিদ্যুৎ বলেন, “কাঁচাবাজারে অধিকাংশ পণ্যের দাম বাড়তির দিকে। হঠাৎ করে পণ্যের মূল্যবৃদ্ধির কোনো কারণ নেই দাবি করে তিনি বলেন, দাম ঠিক রাখতে কর্তৃপক্ষের নিবিড় পর্যবেক্ষণ জরুরি।
কারওয়ান বাজারের চালের আড়ৎগুলো ঘুরে দেখা যায়, মিনিকেট ৪০ থেকে ৪৫ টাকায়, স্বর্ণালি ৩০ থেকে ৩২ টাকায়, নাজির ৩৮ টাকায় বিক্রি করছেন ব্যবাসায়ীরা।
আগামী সপ্তাহগুলোতে এই দাম আরও কিছুটা কমে আসতে পারে বলে আভাস দেন পাইকারি বিক্রেতা নুরুল ইসলাম।
শুক্রবার রাজধানীর কাওরান বাজার ঘুরে দেখা যায়, আগের সপ্তাহের তুলনায় ১০ টাকা বেড়ে খেসারি ডাল কেজি প্রতি ৫০ টাকায়, মসুর ডাল ৫ টাকা বেড়ে ১১০ টাকায় ও আদা ১০ টাকা বেড়ে ১২০ টাকায় বিক্রি করছেন ক্রেতারা।
