২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্থিক স্থিতিশীলতার নীতি গ্রহণে তাগিদ

টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য দক্ষ জনশক্তি তৈরি ও আর্থিক খাতে স্থিতিশীলতা নিশ্চিতে সহায়ক নীতিমালা প্রণয়নের উপর জোর দিয়েছেন একটি সেমিনারের বক্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2015, 11:15 PM

Updated : 22 Aug 2022, 12:16 PM

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) যৌথ আয়োজনে ‘বাংলাদেশে মূল্য স্থিতি, প্রবৃদ্ধি ও কর্মসংস্থানে চ্যালেঞ্জ: বাংলাদেশ ব্যাংকের ভূমিকা’ বিষয়ে সেমিনারে এ পরামর্শ দেন তারা।

কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইএলওর সাবেক পরিচালক মোহাম্মদ মোক্তাদা। গভর্নর আতিউর রহমান এতে প্রধান অতিথি ছিলেন।

কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পালের সভাপতিত্বে সেমিনারে আইএলও (জেনেভা) শ্রম ও বিপণন বিভাগের প্রধান এনায়েতুল ইসলাম, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা এবং ডেপুটি গভর্নর আবুল কাশেম, এস কে সুর চৌধুরী ও নাজনীন সুলতানা বক্তব্য রাখেন।

প্রবন্ধে মুহাম্মদ মোক্তাদা বলেন, “বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্চ কর্মসংস্থান বাড়ানো। এখানে অনেক জনবল থাকলেও দক্ষ জনশক্তির যথেষ্ট অভাব রয়েছে। তাই দক্ষ জনশক্তি গড়ার জন্য প্রয়োজন কার্যকর নীতি প্রণয়ন ।

“একই সাথে দরকার আর্থিক খাতের স্থিতিশীলতা। তা না হলে কর্মসংস্থান বাড়ার সাথে আয়ে অসামঞ্জস্য সৃষ্টি হবে। আর এ দুটো না হলে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি হয় না।”

ডিএসইর প্রধান নির্বাহী স্বপন কুমার বলেন, “আর্থিক খাতে স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব না হলে উন্নয়ন টেকসই হবে না। যে কোনো নীতি প্রণয়নের ক্ষেত্রে স্থিতিশীলতার বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। আর্থিক খাতের নীতিমালায় বাংলাদেশ ব্যাংকের ভূমিকা যেহেতু সবচেয়ে বেশি সেহেতু দায়িত্বটি বাংলাদেশ ব্যাংকেরই সবচেয়ে বেশি।”

আইএলওর কান্ট্রি ডিরেক্টর শ্রীনিবাস রেড্ডি বলেন, “বাংলাদেশের এখন সবচেয়ে বড় সমস্যা হলো অদক্ষ জনবল ও ঝুঁকিপূর্ণ উৎপাদন ক্ষেত্র (কারখানা)। এই কারণে উৎপাদন কমে যাচ্ছে।

“শ্রমিকদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাদের কাজের পরিবেশে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অর্থনৈতিক আধুনিকায়নের জন্য এসব বিষয়ের প্রতি নীতি নির্ধারকদের নজর দিতে হবে।”

আতিউর রহমান বলেন, “এখন আমাদের দেশে দারিদ্র্য কমছে, বৈষম্য বাড়ছে না। কৃষকসহ সাধারণ মানুষ ব্যাংকিং চ্যানেলে যুক্ত হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের উন্নয়নমুখী ভূমিকার কারণেই মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নেমে এসেছে।”