২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা ৫ দিন ঊর্ধ্বগতির পর নিম্নগামী পুঁজিবাজার

টানা পাঁচ দিন ধরে তেজিভাব অব্যাহত থাকার পর সপ্তাহের তৃতীয় দিন দেশের দুই পুঁজিবাজার কিছুটা নিম্নমুখী হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2015, 08:45 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে।

এদিন ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট কমে দিন শেষে ৪ হাজার ৩২৭ পয়েন্টে নেমেছে।

লেনদেন আগের দিনের চেয়ে ৪২ কোটি ৩১ লাখ টাকা কমে ৫৫৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

ডিএসইতে এদিন মোট ৩০৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যার মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ১৮৫টির ও অপরিবর্তিত ছিল ১৮টি কোম্পানির শেয়ারের দর।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার, কেপিসিএল, আরএকে সিরামিকস, বেক্সিমকো লি., ইফাদ অটোস, এসিআই ফর্মুলেশন, এনবিএল, এমজেএল বিডি, এসিআই ও শাহজিবাজার পাওয়ার।

এদিকে মঙ্গলবার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৭৭ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৪৪ পয়েন্টে নামে।

সিএসইতে এদিন ৪৪ কোটি টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের দিনের চেয়ে ৭ কোটি টাকা কম।

লেনদেন হওয়া ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত ছিল ১১টির দাম।

ডিএসইতে টানা পাঁচ দিনে ৩৮৯ পয়েন্ট সূচক বেড়ে সোমবার ৪ হাজার ৩৪৯ পয়েন্টে উঠে, সিএসইতে এক হাজার ২১১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪২১ পয়েন্টে দাঁড়ায়।

এই পাঁচ দিনে ডিএসইতে লেনদেন প্রায় ২৬৬ কোটি টাকা বেড়ে সোমবার দিন শেষে ৫৯৭ কোটি টাকার শেয়ার হাতবদল হয় এবং সিএসইতে লেনদেন ২৬ কোটি বেড়ে দাঁড়ায় ৫১ কোটি টাকায়।