২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ পণ্যকে হালাল সনদ: আয় ১০ লাখ টাকা

গত পাঁচ বছরে ১৫টি পণ্যকে হালাল সনদ দিয়ে ইসলামিক ফাউন্ডেশন প্রায় দশ লাখ টাকা আয় করেছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2015, 10:32 PM

Updated : 22 Aug 2022, 12:14 PM

রোববার দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে হালাল সনদ নিয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

মহাপরিচালক বলেন, গত পাঁচ বছরে ১৫টি পণ্যকে হালাল সনদ দেওয়া হয়েছে, যা থেকে সরকার প্রায় দশ লাখ টাকা আয় করেছে।

“হালাল সনদ আইন ও নীতিমালা সরকার কর্তৃক অনুমোদিত না হওয়া পর‌্যন্ত ইসলামিক ফাউন্ডেশন আগের মতোই কমিটির মাধ্যমে হালাল সার্টিফিকেট প্রদান করবে।”

ধর্মমন্ত্রীর নেতৃত্বে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ পণ্যের হালাল সনদ দেয়। 

গত বছরের ১৯ জুনে সংস্থার পরিচালনা পর্ষদের সভায় হালাল খাদ্য, ভোগ্যপণ্য, প্রসাধনী এবং অন্যান্য উপযুক্ত পণ্যের লোগো ও সার্টিফিকেট ফি নেওয়ার পর ফ্যাক্টরি মূল্যের উপর শতকরা শূন্য দশমিক শূন্য আট পয়সা ফি নেওয়ার সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।

হালাল পণ্য নির্ধারণে ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব ল্যাব রয়েছে কিনা জানতে চাইলে সামীম মোহাম্মদ আফজাল বলেন, “আমরা খাদ্যের গুণগত মান দেখি না, পণ্যটি হালাল কি-না তা নিরীক্ষা করি। হালাল সনদ প্রদানের ক্ষেত্রে পণ্যে কী উপকরণ ব্যবহার করা হয়েছে তা যাচাই করা হয়।

এরপর কমিটি বিএসটিআই, খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউট, পরিবেশ অধিদপ্তর, কৃষি অধিদপ্তর, পানি সম্পদ অধিদপ্তর, মৎস অধিদপ্তর, ওষুধ প্রশাসন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সনদ, পণ্য যাচাই প্রতিবেদন এবং সনদ গ্রহণকারী প্রতিষ্ঠানের অঙ্গীকারনামা পরীক্ষা করে হালাল সনদ দেয় বলে জানান তিনি।

সংবাদ ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মো. মতিউর রহমান ও ধর্ম সচিব চৌধুরী মোহাম্মেদ বাবুল হাসানও বক্তব্য রাখেন।

২৭ ও ২৮ এপ্রিল পাকিস্তানের ইসলমাবাদে হালাল পণ্য খাত নিয়ে বাংলাদেশ, পাকিস্তান, ইরান, তুরস্ক, মালয়শিয়া, ইন্দোনেশিয়া, মিশর ও নাইজেরিয়ার সমম্বয়ে গঠিত উন্নয়নশীল আটি দেশের জোট ডি-৮ এর এক বিশেষজ্ঞ গ্রুপের সভায় সামীম মোহাম্মদ আফজালেরর নেতৃত্বের পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।