শেয়ার সূচকে উল্লম্ফন
টানা মন্দার ধারা ভেঙে হঠাৎ উল্লম্ফন ঘটেছে দেশের পুঁজিবাজারে; ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স এক দিনেই এগিয়েছে ৩ দশমিক ৭ শতাংশ।
টানা কয়েক সপ্তাহ পতনের ধারায় থাকা পুঁজিবাজার গত সপ্তাহে ঘুরে দাঁড়ানোর আভাস দেয়। বাজার পরিস্থিতি সামাল দিতে ব্রোকার হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোকে সহযোগিতা বাড়ানোর কথা বলা হয় নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে।
এর ইতিবাচক প্রভাবই সূচকে দেখা যাচ্ছে বলে বাজারসংশ্লিষ্টরা মনে করছেন।
গত সপ্তাহের প্রথম দিন ডিএসই সূচক ৮৭ পয়েন্ট কমলেও পরের তিন দিন যথাক্রমে ৫৪, ৭৫ ও ৩২ পয়েন্ট বাড়ে। আর রোববার দিন শেষে ডিএসইএক্স এক দিনেই বেড়েছে ১৫৪ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ৪৮৮ পয়েন্ট।
সূচকের ঘরে ৪ হাজার ৯৪১ পয়েন্ট নিয়ে বাজার শুরু করা ঢাকা স্টক এক্সচেঞ্জ উত্থান পতনের মধ্য দিয়ে প্রায় হাজার পয়েন্ট হারিয়ে গত ৭ মে ৩ হাজার ৯৫৯ পয়েন্টে ঠেকে। এরপর চার কর্মদিবসের উন্নতিতে রোববার দিনশেষে ডিএসইএক্স পৌঁছেছে ৪ হাজার ২৭৭ পয়েন্টে।
এদিন ডিএসইতে ৫২০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১০১ কোটি ৪৯ লাখ টাকা বেশি।
লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ২৮৯টির দর বেড়েছে, ১৭টির কমেছে, ৩টি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত ছিল।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার, এসিআই ফর্মুলেশন, এমজেএল বিডি, সাইফ পাওয়ার, ইফাদ অটোস, এসিআই লিমিটেড, শাহাজীবাজার পাওয়ার, আরএকে সিরামিকস, ওয়েস্টার্ন মেরিন ও কেপিসিএল।
সিএসইতে এদিন ৪৩ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৫ কোটি টাকা কম।
এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ৪৮৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ১৮৩ পয়েন্ট হয়েছে।
লেনদেন হওয়া ২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ২৩৬টির, কমেছে ৭টির এবং অপরিবর্তিত ছিল ৩টির দাম।
সূচকের হঠাৎ উন্নতির কারণ জানতে চাইলে বিএসইসির সাবেক চেয়ারম্যান এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশের পুঁজিবাজার বিশ্লেষণ করা আসলে কঠিন। যখন যেটা হওয়ার কথা তখন সেটা হয় না, যখন যেটা হওয়া উচিৎ, তখন সেটা হয় না।”
গত কয়েক দিনের উন্নতির পেছনে মূলত দুটি বিষয় কাজ করছে বলে মনে করেন সাবেক এই অর্থ উপদেষ্টা।
“অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, রাজনৈতিক অস্থিতিশীলতা আগামীতে খুব বেশি থাকবে না। এটা বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আস্থা ফিরিয়ে এনেছে।
“আরেকটি বিষয় আশার সঞ্চার করেছে। সেটি হল নিয়ন্ত্রক সংস্থা দুই স্টক এক্সচেঞ্জ, মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজগুলোসহ বাজার সংশ্লিষ্টদের নিয়ে ধারাবাহিক বৈঠক করেছে। তাদের খুবই অ্যাকটিভ মনে হচ্ছে। সে কারণেই দীর্ঘ মন্দার মধ্যে বাজারে কিছুটা চাঞ্চল্য ফিরে এসেছে।”
আর আসন্ন বাজেটে পুঁজিবাজারের লভ্যাংশের করমুক্ত সীমা ১০ হাজার টাকা থেকে বাড়ানোসহ বিভিন্ন উদ্যোগের আভাস থাকায় বিনিয়োগকারীরা বাজারে ফিরতে উদ্বুদ্ধ হচ্ছেন বলেও মনে করেন মির্জ্জা আজিজ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মিজানুর রহমান মনে করছেন, এটা পুঁজিবাজারের ঘুরে দাঁড়ানোর লক্ষণ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুঁজিবাজারের খারাপ অবস্থা কেটে যাচ্ছে বাজার ঘুরে দাঁড়াচ্ছে। সিটি নির্বাচনকে নিয়ে যে রাজনৈতিক অস্থিরতা শুরুর আশঙ্কা ছিল, তা আর নেই। পুঁজিবাজার থেকে যারা চলে গিয়েছিলেন, তারা ফিরে আসতে শুরু করেছেন।”
তবে সূচকের এই উল্লম্ফনে আশাবাদী হতে পারছেন না বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সাবেক এক নেতা।
নাম প্রকাশে অনিচ্ছুক এই ব্যাংকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশ ব্যাংক যতদিন তাদের কঠোর নিয়ম পরিবর্তন না করছে, ততদিন বাজারে কোনো বড় প্রভাব পড়ার সম্ভাবনা নেই।”
