‘শিশুখাদ্যের’ দাম লাগামহীন
সপ্তাহের ব্যবধানে আমদানি করা কৌটাজাত গুঁড়োদুধসহ বিভিন্ন বিকল্প ‘শিশুখাদ্যের’ দাম হঠাৎ করেই বেড়ে গেছে।কোনো কোনো ক্ষেত্রে দুধের দাম বেড়েছে কেজিপ্রতি অন্তত একশ টাকা।
শনিবার রাজধানীর বিভিন্ন এলাকার খুচরা ও পাইকারি দোকান ঘুরে দেখা যায়, দেশে প্যাকেটজাত গুঁড়ো দুধের তুলনায় বিদেশে টিনজাত গুঁড়ো দুধের দাম তুলনামূলক অধিক হারে বেড়েছে।
তবে বিকল্প শিশু খাদ্যের বাইরে অন্যান্য গুঁড়ো দুধের দামে গত এক মাসে তেমন কোনো তারতম্য হয়নি বলেই টিসিবির মূল্য তালিকা বলছে।
রাজধানীর খিলগাঁও এলাকার সুপার সপ বিগ বাজারের ব্যবস্থাপক শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ল্যাকটোজেন, বায়োমিল, বেবিকেয়ার, মাদার স্মাইলসহ আরও কয়েকটি ব্র্যান্ডের গুঁড়ো দুধের ৪শ গ্রামের প্যাকেটের দাম ২৫ থেকে ৩০টা বেড়েছে।
আমদানিকারকরা দাম বাড়িয়ে দেওয়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়েছে বলে দাবি করেন তিনি।
মিরপুর এলাকার একজন ক্রেতা অভিযোগ করেন, গত সপ্তাহে তার শিশু সন্তানের জন্য দুধ কিনতে গিয়ে দাম দেখে অবাক হয়েছেন তিনি। এক মাস আগে ল্যাকটোজেনের ১৮০০ গ্রামের কৌটা এক হাজার নয়শ টাকায় কিনলেও এখন তা হয়েছে দুই হাজার একশ ১০টাকা।
রাজধানীর হোনিউ মার্কেট এলাকার সেন ট্রেডার্সের বিক্রয়কর্মী আরিফ জানান, শিশুদের জন্য তৈরি বিকল্প গুঁড়োদুধের বিদেশি প্যাকেটের দাম বেড়েছে।
প্রতি বছরই বাজেটের আগে এ ধরনের প্যাকেট ও কৌটার দাম বৃদ্ধি পায় বলে জানান তিনি।
নিউ মার্কেট এলাকার বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়, ২২০০ গ্রাম ওজনের নিডো মিল্কের কৌটা বিক্রি হচ্ছে ২১শ টাকা মূল্য। তবে ১০ দিন আগেও এধরনের কৌটা ১৭শ’ ৫০ টাকা থেকে ১৮শ’ টাকায় বিক্রি হচ্ছিল বলে বিক্রয়কর্মীরা জানান।
নিডো মিল্কের ২২শ’ ৫০ গ্রামের একটি কৌটায় ২৫০ গ্রাম বাড়তি রয়েছে। এ ধরনের কৌটা এক সপ্তাহ আগে ২১শ টাকা বিক্রি হলেও এখন তা ২৩ শ’ টাকায় বিক্রি করছেন খুচরা বিক্রেতারা।
নিউ মার্কেটের আরেক দোকান বিসমিল্লাহ ট্রেডার্সের বিপণনকর্মী শফিকও খুচরা বাজারে গুঁড়ো দুধের দাম বাড়ার কথা স্বীকার করেন।
শাহবাগের ওষুধের দোকানগুলো ঘুরে দেখা যায়, পেডিসিওর, বায়োমিল, ভিটালাকসহ আরও কয়েকটি ব্র্যান্ডের আমদানি করা গুঁড়ো দুধ বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। বায়োমিলের ৪শ গ্রামের প্যাকেট বিক্রি হচ্ছে ৪২৫ টাকায়। আবার ভিটালাকের ৪শ’ গ্রামের প্যাকেট বিক্রি হচ্ছে ২২০ টাকায়।
শনিবার টিসিবি থেকে সরবরাহ করা পণ্যের মূল্যতালিকায় দেখা যায়, গত এক মাসে ডানো, ডিপ্লোমা, মার্কস, ফ্রেশ ব্র্যান্ডের গুড়ো দুধের মূল্যে কোনো তারতম্য নেই। ডানো প্রতি কেজি ৬৫০ থেকে ৬৮০ টাকা, ডিপ্লোমা ৬১০ থেকে ৬৪০ টাকা ফ্রেশ ৪৮০ থেকে ৫০০ টাকা এবং মার্কস ৪৮০ থেকে ৫১০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে বিকল্প শিশুখাদ্য হিসেবে পরিচিত কোনো গুঁড়ো দুধের নাম ওই তালিকায় নেই।
