নারী ক্ষমতায়নে কাজ করবে ডব্লিউপিএন
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ), গ্রামীণফোন লিমিটেড ও ব্র্যাক ব্যাংকের সহায়তায় কর্মজীবী নারীদের ক্ষমতায়নে উইমেন প্রফেশনালস নেটওয়ার্ক (ডব্লিউপিএন) নামের একটি পেশাজীবী সংগঠন গঠিত হয়েছে।
শনিবার দুপুরে রাজধানীর গ্রামীণফোনের বসুন্ধরা করপোরেট কার্যালয় জিপি হাউসে এক মতবিনিময় সভায় এই সংগঠন গঠন করা হয়।
সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ (এইচআর) বিভাগের প্রধান হিসেবে কর্মরত নারী এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া প্রায় ৩০০ জন নারী অংশ নেন।
ডব্লিউপিএন হলো বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) এর উইমেন ইন লিডারশিপ প্রজেক্টের তৃতীয় পর্যায়। দেশের করপোরেট খাতের প্রতিষ্ঠানগুলোতে কর্মরত নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি এবং তাদের অধিক সংখ্যায় নেতৃস্থানীয় বা শীর্ষ পর্যায়ের পদগুলোতে উন্নীত হওয়ার বিষয়ে সহায়তা দেওয়াই এ প্রকল্পের উদ্দেশ্য।
অনুষ্ঠানে আলোচনাভিত্তিক একটি প্যানেল অধিবেশনের আয়োজন করা হয়। অধিবেশনটির শিরোনাম ছিল ‘করপোরেট খাতে কেন এবং কীভাবে আরও অধিকসংখ্যক নারী পেশাজীবীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
সঞ্চালনা করেন গ্রো এন এক্সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও লিড কনসালট্যান্ট এম জুলফিকার হোসেন।
প্যানেল আলোচনায় অংশ নেন গ্রামীণফোনর প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব শেঠি, ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য ড. সৈয়দ সাদ আন্দালীব, গ্রিন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মিজ ফারজানা চৌধুরী এবং মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মিজ সোনিয়া বশির কবীর।
