‘স্বস্তির’ বাজারে পেঁয়াজে ঝাঁঝ
রমজান শুরু হতে আরও প্রায় দেড়মাস বাকি থাকলেও এর মধ্যেই বাড়তে শুরু করেছে পেঁয়াজ ও ছোলার দাম। তবে চাল, সবজি, মুরগির দাম কমেছে।
গত দুই সপ্তাহে রাজধানীর বাজারে পেঁয়াজের দাম কেজিতে প্রায় ৮ টাকা এবং ছোলার দাম ৫ টাকা পর্যন্ত বেড়েছে।
শুক্রবার রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, খুচরায় সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ৪ টাকা। আগের সপ্তাহেও প্রায় একই হারে দাম বেড়েছিল।
এ বিষয়ে কারওয়ান বাজারের বিক্রেতা আলী হোসেন জানান, দেশি পেঁয়াজ সংরক্ষণ শেষ হয়েছে। এখন কৃষক ও মহাজন ব্যবসায়ীরা কম পরিমাণে পেঁয়াজ বাজারে ছাড়ছেন।
এদিকে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা রমজানে পেঁয়াজের বাড়তি চাহিদা মেটাতে আগাম প্রস্তুতি শুরু করায় বাজারে কমে গেছে এর সরবরাহ। ফলে দামেও পড়েছে এর প্রভাব।
গত মাসের শেষ দিকে খুচরায় প্রতি কেজি দেশি পেঁয়াজ ৩০ থেকে ৩২ টাকায় বিক্রি হলেও এখন তা ৩৮ থেকে ৪০ টাকায় দাঁড়িয়েছে। ভারতীয় পেঁয়াজও ২৬ থেকে ২৮ টাকা থেকে বেড়ে ৩২ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।
কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, এবার আমদানি করা ও দেশি ছোলার পর্যাপ্ত সরবরাহ থাকলেও ব্যবসায়ীরা তা আগাম কিনে রাখছেন। এ কারণে খুচরায় ছোলার দাম কেজিতে ৫ টাকা বেড়ে ৫৫ থেকে ৬২ টাকায় বিক্রি হচ্ছে।
মৌসুমের নতুন চাল রাজধানীর বাজারে আসায় খুচরায় আরও দাম কমেছে সপ্তাহের ব্যবধানে।
রকমভেদে সব ধরনের চাল কেজিতে ২ থেকে ৩ টাকা কমে বিক্রি হতে দেখা যায় শুক্রবার। এর মধ্যে প্রতি কেজি মোটা চাল ৩০ থেকে ৩২ টাকা, মিনিকেট ৩৮ থেকে ৪৫ টাকা, বিআরআটাশ ও লতা ৩৫ থেকে ৩৬ টাকা, পারিজা ৩৭ টাকা ও নাজিরশাইল মিলছে ৪৬ থেকে ৫২ টাকায়।
বোতলজাত সয়াবিন তেলের দাম অপরিবর্তিত থাকলেও খোলা তেলের দাম লিটারে দুই টাকা কমেছে। প্রতিলিটার খোলা সয়াবিন ৮০ থেকে ৮২ টাকা, সুপারপাম ৬২ থেকে ৬৪ এবং পামতেল ৫৮ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে বিভিন্ন বাজারে।
মুরগির দামও সপ্তাহের ব্যবধানে কমেছে। প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৪০ থেকে ১৫০ টাকা এবং লেয়ার মুরগি ১৬০ থেকে ১৬৫ টাকায় বিক্রি হতে দেখা যায়।
এক সপ্তাহ আগেও ব্রয়লার ১৬০ থেকে ১৬৫ টাকা, লেয়ার ১৮৫ থেকে ১৯০ টাকা ছিল।
গরু ও খাসির মাংস চড়া দামেই বিক্রি হচ্ছে। প্রতি কেজি গরুর মাংস ৩৬০ থেকে ৩৭০ টাকা ও খাসির মাংস ৫০০ থেকে ৫৫০ টাকা হয়েছে।
সরবরাহ স্বাভাবিক থাকায় সবজির বাজারও সহনীয়। প্রতিকেজি পটল, ঢেঁড়স, করলা, ঝিঙে ও চিচিঙ্গাসহ বেশিরভাগ সবজি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। তবে কাঁচা পেঁপে কেজিতে ৩ টাকা বেড়ে ২৮ থেকে ৩০ টাকা এবং টমেটো কেজিতে ৫ টাকা বেড়ে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
আর ডিমের আড়তে প্রতি হালি ডিমের দাম পড়ছে ২৬ টাকা। খুচরায় তা হালিতে ২ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৪ টাকায়।
