২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এটুআই এবং টেলিনর ডিজিটাল সমঝোতা স্মারক স্বাক্ষর

সামাজিক ডিজিটাল উদ্যোগ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন কর্মসূচির সঙ্গে টেলিনর ডিজিটালের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2015, 12:57 AM

Updated : 22 Aug 2022, 12:14 PM

বাংলাদেশের সব পরিবারের জীবনমান উন্নয়ন এবং দেশের সামাজিক, অর্থনৈতিক ও সার্বিক উন্নয়নে ডিজিটাল ও মোবাইল প্রযুক্তি ব্যবহারে এটুআই এবং টেলিনর ডিজিটাল এর মধ্যে সহযোগিতার কাঠামো তৈরির লক্ষ্যে এই স্মারক স্বাক্ষর করা হয়।

বৃহস্পতিবার রাজধানীর হোটেল র‌্যাডিসনে ‘ডিজিটাল ইনভেস্টমেন্ট সামিটের  পাশাপাশি এ চুক্তি হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় গ্রামীণফোন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও অ্যাকসেস টু ইনফরমেশন প্রকল্প পরিচালক কবির বিন আনওয়ার এবং টেলিনর ডিজিটাল এর গ্লোবাল হেড অফ হেলথ ম্যাথু গিল্ডফোর্ড নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন।

প্রাথমিকভাবে এই স্মারক ৭ মে  থেকে আগামী তিন বছর পর্যন্ত কার্যকর থাকবে।

এটুইই এর পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী বলেন, “এই চুক্তি ডিজিটাল বাংলাদেশের পথে আরেকটি পদক্ষেপ। টেলিনর ডিজিটালের মতো প্রতিষ্ঠানের সাথে সহযোগিতার ফলে আমরা তাদের বিপুল ডিজিটাল অভিজ্ঞতা থেকে শিখতে পারবো এবং সামাজিক ক্ষমতায়ন উদ্যোগে এক সাথে কাজ করতে পারবো।”

 টেলিনর ডিজিটাল এর ভারপ্রাপ্ত সিইও হেনরিক ক্লওসেন বলেন, “স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য সেবা নিয়ে আমরা যে কাজ করবো তা শুধু বাংলাদেশী মানুষের জীবনের মান উন্নয়নই করবে না বরং সেগুলো সারা বিশ্বেই ব্যবহারযোগ্য নতুন মডেল তৈরি করবে বলে আমরা নিশ্চিত।”

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমঝোতার অংশ হিসেবে টেলিনর ডিজিটাল বাংলাদেশের মানুষের আর্থসামাজিক চাহিদা মেটাতে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে সামাজিক উদ্যোগ তৈরিতে এটুআই এর সাথে কাজ করবে।

এর লক্ষ্য শুধু বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক এবং মানব উন্নয়নকে এগিয়ে নেয়াই নয় সরকারী ও বেসরকারী সেবাগুলোকে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌছে দেয়াও এর লক্ষ্য বলে জানায় গ্রামীণফোন।

এই উদ্যোগগুলোর লক্ষ্য হবে নাগরিকদের জন্য এমন ডিজিটাল ও মোবাইল টুল তৈরি করা যা তাদের কাছে তথ্য, কনটেন্ট এবং সহযোগিতা পৌছে দেবে, যা পরবর্তীতে তাদের দৈনন্দিন জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে এবং সরকারী সম্পদের উপর নির্ভরতা হ্রাস করতে সাহায্য করবে।

ডিজিটাল ও মোবাইল টুল ও সেবা তৈরি এবং ব্যবহারকে সরকারের নীতি নির্ধারণ এবং সিস্টেম পরিকল্পনার জন্য সহায়ক বলে মনে করা হয়। ডিজিটাল টুল থেকে প্রাপ্ত তথ্য এবং ধারণা ব্যবহার করে প্রধান সামাজিক চাহিদা, নাগরিকদের পূরণ না হওয়া চাহিদা এবং সেবা প্রদানে অপূর্ণতা চিহ্নিত করতে প্রকল্প গৃহীত হবে বলে জানায় গ্রামীণফোন।