২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইপি কার্ড পেলেন ৫৬ ব্যবসায়ী

বাংলাদেশের অর্থনীতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ৫৬ জন ব্যবসায়ীকে সিআইপি কার্ড দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2015, 08:57 PM

Updated : 12 Oct 2022, 03:39 PM

পুরনো খবর:

‘সিআইপি’ হলেন ৫৬ ব্যবসায়ী

বৃহস্পতিবার রাজধানীর হোটেল পূর্বাণীতে ২০১৪ সালের নির্বাচিত শিল্প উদ্যোক্তাদের হাতে কার্ড তুলে দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বেসরকারি খাতে শিল্পস্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় আয় বৃদ্ধিসহ অর্থনীতিতে অবদানের জন্য নীতিমালা অনুযায়ী সাতটি ক্যাটাগরিতে এই ব্যক্তিদের মনোনীত করে সরকার।

সিআইপি কার্ডধারীরা সচিবালয়ে প্রবেশের সুযোগ ছাড়াও বিভিন্ন জাতীয় অনুষ্ঠান এবং সিটি করপোরেশনের নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পান।

এছাড়া ব্যবসা সংক্রান্ত ভ্রমণের সময় বিমান, রেলপথ, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণের ক্ষেত্রে অগ্রাধিকারও পান তারা।

কার্ড বিতরণ অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, “সিআইপি কার্ডধারীদের ভিসাপ্রাপ্তির সুবিধার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট দূতাবাসকে তাদের জন্য ‘লেটার অব ইন্ট্রোডাকশন’ দেবে।”

এছাড়া নিজের ও পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য সিআইপিরা সরকারি হাসপাতালে কেবিন সুবিধায় অগ্রাধিকার পাবেন। তাদের বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহারের সুযোগ দেওয়া হবে।

শিল্পমন্ত্রী বলেন, শিল্প উদ্যোক্তাদের দক্ষতা, পেশাদারিত্ব ও উদ্যোক্তাসুলভ মানসিকতায় হরতাল-অবরোধের মধ্যেও দেশের অর্থনীতি সচল রয়েছে।

“গত ছয় বছর ধরে ধারাবাহিকভাবে ৬ শতাংশের বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রেখে বাংলাদেশ উন্নয়নের কাঙ্খিত গন্তব্যের পথে এগিয়ে যাচ্ছে।”

বিশ্বমন্দায় উন্নত দেশগুলোতে শ্রমিক ছাঁটাই হলেও বাংলাদেশে কোনো শ্রমিক কর্মচ্যুত হয়নি বলে দাবি করেন শিল্পমন্ত্রী।

শিল্প সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ উদ্দিন, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ এবং এসিআই ফরমুলেশনস লিমিটেডের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা অনুষ্ঠানে বক্তব্য দেন।

সিআইপি কার্ড পেলেন যারা

পদাধিকারবলে ১২ জন

২০১৪ সালের কাজ মূল্যায়ন করে সিআইপি মনোনয়ন দেওয়া হলেও ৫৬ জনের মধ্যে ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের শীর্ষ পদে থাকা ১২ জনকে সিআইপি কার্ড দেওয়া হয়েছে।

এরা হলেন- ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি এ কে আজাদ, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশের (নাসিব) সভাপতি মির্জা নূরুল গণি শোভন, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি আতিকুল ইসলাম।

এছাড়া বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিএফএ) সভাপতি তপন চৌধুরী, উইমেন অন্ট্রাপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ওয়েব) সভাপতি নাসরীন ফাতেমা আউয়াল, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি এ কে এম সেলিম ওসমান এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সঙ্গীতা আহমেদ পদাধিকার বলে সিআইপি কার্ড পেয়েছেন।

বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের (বিজেএমএ) চেয়ারম্যান মোহাম্মদ শামস-উজ-জোহা, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফআইসিসিআই) প্রেসিডেন্ট রূপালী হক চৌধুরী, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সভাপতি মোহাম্মদ শাহজাহান খান এবং মেট্রোপলিটন চেম্বার  অব কমার্স  অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) সভাপতি রোকেয়া আফজাল রহমানকে সিআইপি কার্ড দিয়েছে সরকার।

বৃহৎ শিল্পখাতে ২১ জন

বৃহৎ শিল্পখাতে সিআইপি কার্ড পেয়েছেন জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস ছামাদ মোহাম্মদ রফিকুল ইসলাম (নোমান), আবদুল মোনেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মোনেম এবং বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. পারভেজ রহমান।

সুপার রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আহমেদ, ফারিহা নিট টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুল ইসলাম, ইসলাম রি-রোলিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আজহারুল ইসলাম, এম আর এস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শামসুর রহমানও সিআইপি কার্ড পেয়েছেন।

অন্যদের মধ্যে পাহাড়তলী টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারী মিলসের ব্যবস্থাপনা পরিচালক মির্জা সালমান ইস্পাহানি, এনভয় টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ, কসমোপলিটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক তানভীর আহমেদ, ফুজি ইংক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ফারহানা মোনেম, পলো কম্পোজিট নিট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ জলিলকে বৃহৎ শিল্পখাতে সিআইপি কার্ড দিয়েছে সরকার।

একই ক্যাটাগরিতে সিআইপি কার্ড পেয়েছেন ইউনিভার্সেল জিন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নাছির উদ্দিন, স্কয়ার কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডের অঞ্জন চৌধুরী, বিএসআরএম স্টিলস লিমিটেডের চেয়ারম্যান আলী হোসাইন আকবর আলী, এসিআই ফরমুলেশনস লিমিটেডের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা, প্যাসিফিক জিন্স লিমিটেডের পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, জালাল আহমেদ স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান, রানার অটোমোবাইলস লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ফার সিরামিকস লিমিটেডের চেয়ারম্যান খোদেজা ফরহাদ রুহী, জেম জুট লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ।

মাঝারি শিল্পখাতে ৯ জন

মেসার্স সিটাডেল এপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহিদুল ইসলাম খান, বিডি সি ফুড লিমিটেডের পরিচালক মোহাম্মদ বদরুল হায়দার চৌধুরী, অকো-টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সোবহান, বসুমতি ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জেড এম গোলাম নবী, বি আর বি পলিমার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান মাঝারি শিল্পখাতে সিআইপি কার্ড পেয়েছেন।

এ খাতে কার্ড পেয়েছেন- জেমিনি সি ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী শাহেদ আহমেদ, বিডি ফুডস লিমিটেডের পরিচালক মোহাম্মদ তাফহীম আল-আজমী, অ্যাটলাস সি ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম মিজানুর রহমান ও ইগলু ফুডস লিমিটেডের পরিচালক এ এস এম মঈনউদ্দিন মোনেম।

ক্ষুদ্র শিল্পে ৬ জন

ক্ষুদ্র শিল্পে কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজবার রহমান, বেইলি ইয়ার্ন ডাইং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদ জামান, ফুটবেড ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অনিরুদ্ধ কুমার রায় সিআইপি কার্ড পেয়েছেন।

এছাড়া করিম স্পিনিং মিলস লিমিটেডের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, আমানত শাহ উইভিং প্রসেসিং লিমিটেডের পরিচালক লুৎফা বেগম এবং টেকনোমিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক যশোদা জীবন দেবনাথকে সিআইপি কার্ড তুলে দিয়েছেন শিল্পমন্ত্রী।

ক্ষুদ্র শিল্পখাতে ২ জন

আরএমএম লেদার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহিন ও এবি ফ্যাশন মেকারের স্বত্বাধিকারী সানাউল হক বাবুলের হাতে মাইক্রো শিল্পখাতে সিআইপি তুলে দেওয়া হয়।

সেবা শিল্পখাতে ৫ জন

নাভানা রিয়েল এস্টেট লিমিটেডের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম, এসটিএস হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মনির উদ্দীন, শান্তা প্রোপার্টিজ লিমিটেডের পরিচালক জেসমিন সুলতানা, নাভানা লিমিটেডের চেয়ারম্যান শফিউল ইসলাম ও শেলটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম সেরাজ সেবা শিল্পখাতে সিআইপি কার্ড পেয়েছেন।

কুটির শিল্পে একজন

জননী উইভিং ফ্যাক্টরির স্বত্বাধিকারী মো. রফিকুল ইসলাম পরানের হাতে কুটির শিল্প খাতে ২০১৪ সালের সিআইপি কার্ড তুলে দেন শিল্পমন্ত্রী।