২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সঙ্গে সরাসরি জাহাজ চলাচলে চুক্তিতে সায়

ভারতের সঙ্গে সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচলে একটি চুক্তির খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2015, 05:35 PM

Updated : 22 Aug 2022, 12:12 PM

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, ভারতের সঙ্গে অনুস্বাক্ষরিত ‘এগ্রিমেন্ট অন কোস্টাল শিপিং বিটুইন দ্য গভর্নমেন্ট অব পিপলস রিপাবলিক অব বাংলাদেশ অ্যান্ড দ্য গভর্নমেন্ট অব দ্য রিপাবলিক অব ইন্ডিয়া’ খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।

“মন্ত্রিসভার অনুমোদনের পর চুক্তিটি এখন স্বাক্ষরের জন্য প্রস্তুত। আশা করা যাচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে এলে চুক্তিটি স্বাক্ষর হবে, এমন একটি পরিকল্পনা আছে।”

গত ২০ থেকে ২২ এপ্রিল নয়াদিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত নৌ সচিব পর্যায়ের বৈঠকে কোস্টাল শিপিং এগ্রিমেন্ট অনুস্বাক্ষরিত হয়।

এ চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও যোগাযোগ বাড়বে বলে আশা করছে বাংলাদেশ।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “বাংলাদেশ ও ভারত একে অপরের সমুদ্র ও নদীপথ ব্যবহার করতে পারবে। পণ্যবাহী জাহাজ চলাচলে দুই দেশ সমান সুযোগ সুবিধা পাবে।”

এই চুক্তির মেয়াদ হবে ৫ বছর। মেয়াদ পূর্ণ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে চুক্তি নবায়ন হবে। কেউ চুক্তি বাতিল করতে চাইলে ৬ মাস আগে নোটিস দিতে হবে বলে জানান মোশাররাফ হোসাইন।

বাংলাদেশ থেকে ভারতে ও ভারত থেকে বাংলাদেশে পণ্যবাহী জাহাজ আসতে ২ থেকে ৩ সপ্তাহ সময় লাগে। এ চুক্তি স্বাক্ষরিত হলে ৪ থেকে ৬ দিনের মধ্যে যাওয়া-আসা সম্ভব হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, চুক্তি বাস্তবায়নের জন্য পরিচালন পদ্ধতির মান (এসওপি-স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর) নির্ধারণ করতে হবে। পদ্ধতিগত ডিটেইলস সেখানে বলা থাকবে। এটা তৈরি করে ভারতে পাঠানো হয়েছে। ভারত তা পরীক্ষা-নিরীক্ষা করছে।

দুই দেশের প্রতিনিধিদের সমন্বয়ে একটি জয়েন্ট শিপিং কমিটি থাকবে জানিয়ে তিনি বলেন, “এ কমিটি মাঝে মাঝে বসে চুক্তিটি পর্যালোচনা করবে। কোনো অসুবিধা থাকলে দূর করবে। আরও কেন বিষয় যুক্ত করতে হলে তা যুক্ত করবে।”

যুদ্ধ জাহাজ, জরিপকারী জাহাজ ও মাছ ধরার জাহাজ এ চুক্তির আওতায় আসবে না বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।