গ্রামীণ ব্যাংক পরিচালকদের পদ শূন্য ঘোষণা নিয়ে প্রশ্ন আদালতের
গ্রামীণ ব্যাংকের নির্বাচিত নয়জন পরিচালকের পদ শূন্য করে অর্থ মন্ত্রণালয়ের দেওয়া চিঠি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে হাই কোর্ট।
বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল দেয়।
অর্থ সচিব ও গ্রামীণ ব্যাংককে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান। তাকে সহায়তা করেন ব্যারিস্টার তানিম হোসেইন শাওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম।
গত ৭ ফেব্রুয়ারি মেয়াদ শেষ হয়েছে উল্লেখ করে ৩০ মার্চ র্অথ মন্ত্রণালয় গ্রামীণ ব্যাংকের নির্বাচিত নয় পরিচালকের পদ শূন্য ঘোষণা করে চিঠি দেয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে পরিচালকদের একজন তাহসিনা খাতুন ৬ এপ্রিল হাই কোর্টে রিট আবেদন করেন।
আদেশের পর মুস্তাফিজুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামীণ ব্যাংকের পরিচালক নির্বাচন বিধিমালা-২০১৪ অনুসারে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত নির্বাচিত পরিচালকেরা দায়িত্ব পালন করতে পারবেন।
“তবে এখনও নিবাচনের জন্য কমিশন গঠন ও তফসিল ঘোষণা হয়নি। এর আগে তাদের পদ শূন্য হয়ে গেছে বলে দেওয়া ওই চিঠি আইনসম্মত নয়। এ কারণে রিটটি করা হয়।”
ব্যাংকটির তিন বছর মেয়াদী ১২ সদস্যের পরিচালনা পর্ষদে ঋণগ্রহীতা সাধারণ সদস্যদের মধ্য থেকে নির্বাচিত ৯ জন পরিচালক হয়ে আছেন।
এরা হলেন, চট্টগ্রামের সাজেদা বেগম, সিলেটের মোছাম্মদ সুলতানা বেগম, কুমিল্লার রেহানা আক্তার, গাজীপুরের সালেহা খাতুন, দিনাজপুরের পারুল বেগম, বগুড়ার মেরিনা আক্তার, পটুয়াখালীর মোমেনা খাতুন, যশোরের শাহিদা আক্তার এবং ময়মনসিংহের তাহসিনা খাতুন।
অন্য তিনজন পরিচালক সরকার কর্তৃক নিযুক্ত হন। তাদের একজন চেয়ারম্যান হয়ে থাকেন।
