২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানা প্লাজা: মার্কিন ক্রেতাদের প্রতিশ্রুত অর্থ ছাড়ের আহ্বান

সাভারের রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রতিশ্রুত অর্থ পরিশোধে মার্কিন ক্রেতা প্রতিষ্ঠানগুলোর গড়িমসির কঠোর সমালোচনা করেছে দেশটির বিভিন্ন সামাজিক ও শ্রমিক সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2015, 10:46 AM

Updated : 22 Aug 2022, 12:10 PM

মর্মান্তিক ওই ঘটনার দ্বিতীয় বার্ষিকীতে শুক্রবার নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত সমাবেশ ও মানববন্ধনে নিহতদের স্বজন এবং আহতদের সহায়তার জন্য গঠিত তহবিলে অবিলম্বে প্রতিশ্রুত অর্থ দিতে ক্রেতা প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানানো হয়।

শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় ‘দেশিজ রাইজিং আপ অ্যান্ড মুভিং’ এর উদ্যোগে মানববন্ধন হয়।

চিল্ড্রেন প্লেস, মেঙ্গো, জেসি পেনী, জারা, ওয়ালমার্টসহ বহুজাতিক ক্রেতা প্রতিষ্ঠানগুলোর প্রতি রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে অর্থসহায়তার পরিমাণ বাড়ানোর দাবি জানান বক্তারা।

কারখানার কর্মপরিবেশ নিরাপদ করতে বাংলাদেশ সরকারের প্রতিও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

রানা প্লাজায় নিহতদের স্মরণ এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার দাবি জানিয়ে লস এঞ্জেলেস, ওরেগন, সিয়াটল, ওয়াশিংটন, ম্যারিল্যান্ড, পেনসিলভেনিয়া, বোস্টন, নিউ জার্সি, টেক্সাস, নিউ অর্লিন্স, অ্যালাবামা, অ্যারিজোনা, মিশিগান, ইলিনয়, মিনেসোটা, ক্যানসাস, ওহাইওসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরেও মানববন্ধন হয়।

রানা প্লাজা ধসের দ্বিতীয় বার্ষিকীতে ওই ভবন ধসে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের প্রতিষ্ঠাতা চেয়ার এবং ডেমোক্র্যাটিক ককাসের ভাইস চেয়ারম্যান যোসেফ ক্রাউলি।

এক বিবৃতিতে তিনি বলেন, “এ ধরনের দুর্ঘটনা আর যাতে না ঘটে সেজন্য বাংলাদেশ ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তবে শ্রমিকদের নিরাপত্তায় আরো কাজ করতে হবে বলে মনে করছি।

“শ্রমিক অধিকার নিশ্চিত করাসহ কর্মস্থল নিরাপদ করতে সব ধরনের সহায়তা দিতে আমি বদ্ধপরিকর।”

কংগ্রেসে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি এবং বাংলাদেশ ককাসের সদস্য গ্রেস মেং এক বিবৃতিতে বাংলাদেশের পোশাক শ্রমিকদের সার্বিক কল্যাণে সাধ্যমত সহায়তার অঙ্গীকার করেছেন। 

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শ্রমিক সংগঠন ‘এএফএল-সিআইও’ পোশাক শ্রমিকদের কল্যাণ ও তাদের অধিকার সুরক্ষায় মার্কিন কোম্পানিগুলোকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছে।