২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মবিরতিতে অচল ইউনাইটেড এয়ার

পাইলটদের কর্মবিরতিতে বন্ধ হয়ে গেছে বেসরকারি বিমান পরিচালনা কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজের ফ্লাইট চলাচল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2015, 04:20 PM

Updated : 25 Apr 2022, 01:17 PM

কোম্পানির এজিএম (মার্কেটিং অ্যান্ড পিআর) কামরুল ইসলাম জানান, বুধবার সকাল থেকে তাদের কোনো ফ্লাইট উড়ছে না।

বৃহস্পতিবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এদিনও তাদের কোনো ফ্লাইট ছাড়বে না।

“সময়মতো মার্চ মাসের বেতন না পাওয়ায় পাইলটরা কর্মবিরতিতে গেছেন। তাদের সঙ্গে কথা বলে পুনরায় ফ্লাইট চালুর চেষ্টা চলছে।”

দুই দিনে আন্তর্জাতিক রুটের চারটি এবং অভ্যন্তরীণ সাতটি ফ্লাইট বাতিল হয়েছে বলে ইউনাইটেডের এই কর্মকর্তা জানান।

এর আগে, গত বছরের সেপ্টেম্বরে কোম্পানির মালিকানা নিয়ে দ্বন্দ্ব দেখা দিলে কয়েক দিন ইউনাইটেডের ফ্লাইট বন্ধ থাকে। ফলে বেসরকারি এ বিমান সংস্থার যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। 

কোম্পানির প্রতিষ্ঠাকালীন চেয়াম্যান তাসবিরুল আহমেদ চৌধুরী পদত্যাগ করলে ওই সংকট তৈরি হয়। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের পাঁচ পরিচালকের মধ্যে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসাবে তিনিই যাবতীয় কার্যক্রম দেখভাল করে আসছিলেন।

তার পদত্যাগের পর চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদ মাহাতাবুর রহমানকে। আর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পান শাহিনুর আলম।

কিন্তু নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের আর্থিক হিসাবসহ যাবতীয় বিষয় বুঝে উঠতে না পারায় ইউনাইটেডের সব কার্যক্রম কয়েক দিন বন্ধ থাকে।  

তিন দিন পর অপসের ভিত্তিতে তাসবিরুলকে আবারও ব্যবস্থাপনার দায়িত্বে ফিরিয়ে এনে কার্যক্রম শুরু করে ইউনাইটেড এয়ারওয়েজ।  

নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বর্তমানে আমাদের ১২ জন বৈমানিক রয়েছেন। তারাই প্রতিষ্ঠানের সর্বোচ্চ বেতনধারী কর্মকর্তা। মার্চ মাসের বেতন বকেয়া থাকায় তারা মঙ্গলবার রাত থেকে ফ্লাইট চালাচ্ছেন না।”

এ কারণে বুধবার ও বৃহস্পতিবারের সব ফ্লাইট বাতিল করা হয় বলে জানান তিনি।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনাইটেড কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের অসুবিধার কথা বিবেচনা করে যাদের ভিসা জটিলতা আছে তাদের প্রাধান্য দিয়ে বাংলাদেশ বিমানসহ অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করেছে ইউনাইটেড এয়ারওয়েজ।

ভুক্তভোগী যাত্রীদের নির্দিষ্ট ট্র্যাভেল এজেন্সি কিংবা এয়ারলাইন্সের নিজস্ব সেলস অফিসে যোগাযোগ করতে বলেছে প্রতিষ্ঠানটি।

‘দ্রুততম সময়ে ক্যাপ্টেন নিয়োগের মাধ্যমে’ উদ্ভূত সমস্যার সমাধান করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

ধর্মঘটীদের প্রসঙ্গে এতে বলা হয়, “তাদের অস্বাভাবিক ও উদ্দেশ্যমূলক দাবি পরোক্ষভাবে কোম্পানির অগ্রযাত্রাকে শুধু ব্যাহতই করছে না, সার্বিকভাবে ইউনাইটেড এয়ারওয়েজকে বন্ধ করার পাঁয়তারা চলছে বলেই ধারণা হয়।”

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ২০০৫ সালে ইউনাইটেড এয়ারওয়েজকে বিমান পরিচালনা করার লাইসেন্স দেয়। তার দুই বছর পর যাত্রী পরিবহন শুরু করে বিমান সংস্থাটি।

বর্তমানে ঢাকা থেকে আন্তর্জাতিক রুট জেদ্দা, দুবাই, মাস্কাট, কুয়ালা লামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, কাঠমান্ডু, কলকাতা এবং চট্টগ্রাম থেকে মাস্কাট ও কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করে ইউনাইটেড।

এছাড়া ঢাকা থেকে  চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, রাজশাহী, সৈয়দপুর, ঈশ্বরদী ও বরিশালে ইউনাইটেডের অভ্যন্তরীণ ফ্লাইট চলে।

ইউনাইটেডের বহরে রয়েছে একটি ড্যাশ-৮, তিনটি এটিআর-৭২, পাঁচটি এমডি-৮৩ এবং দুটি এয়ারবাস-৩১০ সহ মোট ১১টি উড়োজাহাজ।