২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানা প্লাজা ধসের ৩০% সহায়তা ক্ষতিগ্রস্তরা পায়নি: সিপিডি

রানা প্লাজা ধসের দুই বছর পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্তদের সহায়তায় নেওয়া কর্মসূচির ৩০ শতাংশ এখনও বাস্তবায়িত হয়নি বলে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির এক মূল্যায়ন প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2015, 11:32 PM

Updated : 25 Apr 2022, 01:16 PM

একই সঙ্গে দেশি-বিদেশি প্রচেষ্টার পরও ওই ঘটনায় নিখোঁজ ১৫৯ জন শ্রমিকের অনুসন্ধানের বিষয়ে ‘উল্লেখযোগ্য’ অগ্রগতি নেই বলে বলা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইন-এ সেন্টার ফর পলিসি ডায়ালগ এই প্রতিবেদন প্রকাশ করে।

সাভারে রানা প্লাজায় দুর্ঘটনার পর পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে দুই বছরের মাথায় সিপিডি ও ১৪টি বেসরকারি সংগঠন চতুর্থবারের মতো এই প্রতিবেদন প্রকাশ করে।

সার্বিক বিবেচনায় বাংলাদেশে তৈরি পোশাক খাতের বিভিন্নমুখী সংস্কার কাজ ‘মধ্যাবস্থায়’ দাঁড়িয়েছে বলে প্রতিবেদনের পর্যবেক্ষণে বলা হয়।

রানাপ্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা কাজের অন্যতম সমন্বয়ক নওশীন আক্তার জানান, ক্ষতিগ্রস্ত দুই হাজার ৮৩৯টি পরিবারের মধ্যে এযাবত প্রায় ৭৬ কোটি টাকার অর্থ সহায়তা (পরিকল্পনার ৭০ ভাগ) বিতরণ করা হয়েছে।

তবে অনুষ্ঠানে উপস্থিত তিন শ্রমিক অভিযোগ করেন, তারা নামমাত্র সাহায্য পেয়েছেন। তাদের নামে ব্যাংকে অ্যাকাউন্ট চালু করা হলেও সেখানে কোনো টাকা পৌঁছায়নি।

দুদিন ধরে রানাপ্লাজার ধ্বংসস্তূপে আটকা থাকার পর উদ্ধার হন পোশাককর্মী জেসমিন আক্তার।

অনুষ্ঠানে তিনি বলেন, মেরুদণ্ডের হাঁড় ভেঙে যাওয়ার পর সেই সময় সিএমএইচ ও সিআরপিসহ বিভিন্ন স্থানে তার সুচিকিৎসা হয়েছে। তবে স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তিনি।

“এখনও বড় রকমের শব্দ কানে আসলে আঁতকে উঠি, সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারিনা, উঁচু ভবন দেখলে ভয় পাই।”

জেসমিন জানান, দুর্ঘটনার পর প্রধানমন্ত্রীর দপ্তরের ১০ হাজার টাকা এবং অন্য খাত থেকে ৫০ হাজার টাকা পেয়েছেন তিনি। তার নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট করে দেওয়া হয়েছে, কিন্তু সেখানে কোনো টাকা আসে না।

ভবন ধসে অঙ্গহানির শিকার হওয়া মরিয়ম বেগম বলেন, গত এক বছর ধরে কোনো সহায়তা পায়নি। সিআরপিতে চিকিৎসাধীন অবস্থায় একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া হলেও কোনো টাকা পাননি তিনি।

ওই ঘটনায় স্বামীহারা মনোয়ারা বেগম জানান, সাহায্য হিসাবে মাত্র ২০ হাজার টাকা পেয়েছেন তিনি। বিভিন্ন সময়ে বিভিন্ন অফিস থেকে খবর দেওয়া হলেও সেখানে গিয়ে কোনো সাহায্য পাননি তিনি।

সিপিডির পর্যবেক্ষণ

রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তায় গঠিত রানাপ্লাজা ট্রাস্ট ফান্ডে ক্রেতা প্রতিষ্ঠানগুলোর অর্থিক সহায়তা ধীর গতিতে হওয়ায় এখনও ৩০ শতাংশ সহায়তা ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছায়নি।

ঢাকা, সাভার ও এর পাশ্ববর্তী এলাকায় বসবাসকারী ক্ষতিগ্রস্ত শ্রমিকরা পর্যাপ্ত চিকিৎসা পেলেও গ্রামে ফিরে যাওয়ারা তা পাচ্ছেন না।

রানাপ্লাজা ধসের পর যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের দেওয়া ১৬টি সংস্কার কায্যক্রমের ১৩টিই লক্ষণীয়ভাবে পালিত হয়েছে।

অনুষ্ঠানে পয্‌যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করেন সিপিডির গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জাম। শ্রম ও কর্মসংস্থান সচিব মিখাইল শিপার, সিপিডির নির্বাহী পরিচালক দেবপ্রিয় ভট্টাচার্য, সিআরপির প্রতিনিধি শফিকুল ইসলাম, গণস্বাস্থ্য কেন্দ্রের গোলাম মোস্তফা দুলাল, সুজনের বদিউল আলম মজুমদার, ব্যরিস্টার সারা হোসেন, অ্যালিয়েন্স এর মার্ক চুব (Mark Chubb), টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আব্দুস সালাম মুর্শেদী ও শ্রমিক নেতা সুলতান উদ্দিন আহমেদসহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। 

সুলতান উদ্দিন আহমেদ বলেন, ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য নেওয়া সব উদ্যোগের মধ্যে একটা সমন্বয় প্রয়োজন। এছাড়া যেসব শ্রমিক নিজেদের সীমাবদ্ধতার কারণে সহায়তা নিতে পারছে না তাদের ঘরে ঘরে তা পৌঁছে দেওয়ার উদ্যোগ থাকা প্রয়োজন।

আব্দুস সালাম বলেন, যারা এখনও সহায়তা পাননি কিংবা আংশিক পেয়ে বাকি সহায়তার জন্য হয়রানির শিকার হচ্ছেন তারা সরাসরি বিজিএমইএ ভবনে এসে অভিযোগ করতে পারেন।

এছাড়াও অনুষ্ঠানে সরকারের সচিব, অ্যাকর্ড, অ্যালায়েন্স, দাতা সংগঠনের প্রতিনিধি, শ্রমিক নেতা ও বিজিএমইএ প্রতিনিধি উপস্থিত ছিলেন।