২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনালী ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগ

মেয়াদপূর্তির আট মাস আগেই পদত্যাগপত্র দিলেন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যান এএইচএম হাবিবুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2015, 01:13 PM

Updated : 25 Apr 2022, 01:16 PM

ব্যক্তিগত কারণ দেখিয়ে রোববার ব্যাংকের পরিচালনা পর্ষদে এই পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে তা অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠিয়ে দেওয়া হয়।

হাবিবুর রহমান ‘ব্যক্তিগত’ কারণে পদত্যাগের কথা বললেও ব্যাংকের উন্নয়নে বিভিন্ন সুপারিশ ও নীতিমালার বাস্তবায়ন নিয়ে পরিচালনা পর্ষদের সঙ্গে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যে তার দূরত্ব তৈরি হয়েছিল- সে আভাস পাওয়া গেছে এক পরিচালকের কথায়।

হল-মার্ক কেলেঙ্কারির সমালোচনার মধ্যে ২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের সাবেক ডিন এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদ বিভাগের ডিন হাবিবুর রহমানকে তিন বছরের জন্য সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত তার মেয়াদ ছিল।

সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “হ্যাঁ, আমি পদত্যাগ করেছি। ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছি। আপনাদের এতটুকুই বলতে পারব। এর বাইরে যেসব কারণ আছে সেগুলো আপনারা খোঁজ নিলেই জানতে পারবেন।”

এ বিষয়ে জানতে চাইলে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য সেলিমা আহমেদ বলেন, “কেন পদত্যাগ করেছেন সেটা উনার প্রতি সম্মান দেখানোর জন্যই বলব না।

“তবে পরিচালনা পর্ষদের একজন সদস্য হিসেবে এটা বলব, পরিচালনা পর্ষদ ব্যাংকের উন্নয়নের জন্য নীতি তৈরি করে। আর তা বাস্তবায়ন করে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।কিন্তু সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দক্ষতা ও আন্তরিকতার অভাবে আমরা যেসব নীতিমালা দিয়েছি তা যথাযথভাবে বাস্তবায়ন হয়নি বা হচ্ছে না। অনেক ক্ষেত্রে পরিচালনা পর্ষদের নির্দেশনা অমান্য করা বা নির্দেশনার বাইরে কাজ করেছে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।”

পরিচালক সেলিমা বলেন, “চেয়ারম্যান স্যারসহ পুরো পরিচালনা পর্ষদই চায় ব্যাংক ভালো হোক, ব্যবসা বাড়ুক, ভালো গ্রাহক বাড়ুক। কিন্তু যে কোনো কারণেই হোক- তেমনটা হচ্ছিল না। হল-মার্ক কেলেঙ্কারির জন্য ব্যাংকের যে আর্থিক ক্ষতি ও সুনাম ক্ষুন্ন হয়েছিল আমরা তা কাটিয়ে ওঠার চেষ্টা করছিলাম। কিন্তু ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দক্ষতার অভাবে আমাদের লক্ষ্য অনুযায়ী কাজ হচ্ছিল না।”

এ বিষয়ে জানতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্তকে কয়েকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

রাষ্ট্রায়ত্ত চার বাণিজ্যিক ব্যাংকের কর্মকাণ্ডের ওপর ২০১৪ সালের ডিসেম্বরে যে মূল্যায়ন প্রতিবেদন বাংলাদেশ ব্যাংক তৈরি করেছে তাতে সোনালী ব্যাংকের ঋণ প্রবাহে নেতিবাচক প্রবৃদ্ধির কথা বলা হয়েছে।

২০১৩ সালে ব্যাংকটির মোট ঋণ স্থিতি ছিল ৩০ হাজার ৫১ কোটি টাকা। ২০১৪ সালের ডিসেম্বর শেষে ৪ দশমিক ১৩ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধিতে তা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৫৯ কোটি টাকা।

গত ডিসেম্বর শেষে ব্যাংকটির মূলধন ঘাটতি ছিল ৩৯৪ কোটি টাকা। একই সময়ে এর মোট খেলাপি ঋণের পরিমাণ ৮ হাজার ২২৪ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ২৮ দশমিক ৫০ শতাংশ।

শীর্ষ ঋণ খেলাপিদের আদায়ও বাড়াতে পারেনি ব্যাংকটি। ২০১৪ সালে শীর্ষ ২০ জন ঋণ খেলাপির কাছ থেকে তিন হাজার ১৫০ কোটি টাকা আদায়ের লক্ষ্যের বিপরীতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ৭৯৮ কোটি টাকা আদায় করে।

২০১১ এর জুন থেকে ২০১২ এর মার্চ পর্যন্ত সময়ে সোনালী ব্যাংক রূপসী বাংলা হোটেল (সাবেক শেরাটন) শাখার কয়েকজন কর্মকর্তার যোগসাজশে ৩ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হল-মার্ক গ্রুপ, প্যারাগন গ্রুপ, নকশি নিট কম্পোজিট, খান জাহান আলী স্যুয়েটার্স, ডি এন স্পোর্টস এবং টি অ্যান্ড ব্রাদার্সের বিরুদ্ধে কয়েক ডজন মামলা হয়েছে। এর মধ্যে কেবল হল-মার্ক গ্রুপই সরিয়েছে ২ হাজার ৬০০ কোটি টাকা।