বৃত্তি পেল কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানরা
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের শিক্ষার্থী সন্তানদের বৃত্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় ঋণদান সমিতি।
এই উপলক্ষে মঙ্গলবার ব্যাংকের ব্যাংকিং হলে আয়োজিত অনুষ্ঠানে গভর্নর আতিউর রহমান বক্তব্য রাখেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
৭ম বারের মতো আলাউদ্দিন ছাত্র বৃত্তির আওতায় ২০১৪ সালের প্রাথমিক, জুনিয়র, এসএসসি ও এইচএসসি উর্ত্তীর্ণ ৫শ ৯০ জন শিক্ষার্থীকে বৃত্তি ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে গভর্নর বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামীতে জ্ঞান, তথ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হবে। তাই তরুণদের মেধার বিকাশ ও সঠিক রক্ষণাবেক্ষণ একান্ত প্রয়োজন। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে তরুণ প্রজন্মকে শিক্ষিত ও দক্ষতাসম্পন্ন করে গড়ে তুলতে হবে।”
তিনি বলেন, “মেধাবী শিক্ষার্থীরা যে পরিবারেরই হোক তারা যেন উচ্চশিক্ষার অধিকার সুযোগ থেকে বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখা সকলের সামাজিক ও নৈতিক দায়িত্ব।”
সমিতির চেয়ারম্যান আহমদ আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী ও নাজনীন সুলতানা, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মফিজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সম্পাদক মো. রজব আলী।
সমিতির সম্পাদক রজব আলী জানান, ২০০৮ সাল থেকে সমিতির উদ্যোগে চালু করা আলাউদ্দিন মেধা ছাত্র বৃত্তি পেয়েছে প্রায় ৩ হাজার শিক্ষার্থী।
