সহিংসতায়ও রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত
লক্ষ্যমাত্রার চেয়ে কমলেও রাজনৈতিক সহিংসতার মধ্যেই রপ্তানি আয়ে প্রবৃদ্ধি অব্যাহত রেখেছে বাংলাদেশ।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি তিন শতাংশের মত।
প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার চেয়ে পাঁচ শতাংশ কম হলেও রপ্তানিকারক ও বিশেষজ্ঞরা আশা করছেন, রাজনীতির স্বস্তি রপ্তানিতেও ইতিবাচক প্রভাব রাখবে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেব মতে, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) বিভিন্ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ দুই হাজার ২৯০ কোটি ৩০ লাখ (২২ দশমিক ৯০ বিলিয়ন) ডলার আয় করেছে।
গত বছরের মার্চ মাসে পণ্য রপ্তানি থেকে বাংলাদেশ ২৪১ কোটি ৪০ লাখ ডলার আয় করেছিল। এবারের মার্চে আয় হয়েছে ২৫৯ কোটি ৩০ লাখ ডলার।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু সোমবার দুপুরে রপ্তানি আয়ের হালনাগাদ তথ্য জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদ্য শেষ হওয়া মার্চ মাসে গত বছরের মার্চের চেয়ে প্রায় ৭ দশমমিক ৪৩ শতাংশ বেশি রপ্তানি আয় দেশে এসেছে।
ফেব্রুয়ারিতে প্রবৃদ্ধি হয়েছিল ৫ দশমিক ১৫ শতাংশ। জানুয়ারিতে প্রায় ৫ শতাংশ।
আট মাসে অর্থাৎ জুলাই-ফেব্রুয়ারি সময়ে প্রবৃদ্ধি হয়েছিল ২ দশমিক ৪৩ শতাংশ। জুলাই-জানুয়ারি সময়ে প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ০৬ শতাংশ।
“এসব তথ্যই প্রমাণ করে, যতো বাধাই আসুক না কেন আমাদের রপ্তানি আয় বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।”
তিন মাস ধরে সারা দেশে যে সহিংস-আতঙ্কের রাজনীতি চলেছে সেটা না থাকলে বাংলাদেশের রপ্তানি আয় আরও বাড়তো জানিয়ে রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশে অস্থিরতা না থাকলে ওভেন খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল সেটা এবার অর্জিত হতো। কিন্তু এখন দেখা যাচ্ছে ৩ থেকে ৪ শতাংশ প্রবৃদ্ধি হবে।
“এতো বাধা-বিপত্তির মধ্যে এই ৩/৪ শতাংশ প্রবৃদ্ধিও খারাপ নয় বলে আমি মনে করি। অর্থবছরের বাকি তিন মাসেও রপ্তানি আয় বাড়বে বলেই মনে হচ্ছে।”
‘সহিংস রাজনীতি বিশ্ব বাজারে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে’ মন্তব্য করে আতিকুল বলেন, “আর যেন অস্থিরতা না আসে। আমরা বাংলাদেশের ৫০ বছরে ৫০ বিলিয়ন ডলার রপ্তানির যে লক্ষ্য ধরেছি সেটা অর্জন করতে সবার সহযোগিতা চাই।”
“তবে আশার কথা হচ্ছে, আমাদের নিট পোশাকের প্রধান বাজার ইউরো জোনের ইউরোর মান বাড়তে শুরু করেছে। আর দেশেও শান্তি ফিরে আসতে শুরু করেছে। সব মিলে আগামীতে রপ্তানি আরও বাড়বে বলে আমি মনে করি।
“আমরা এখন আমেরিকা-ইউরোপ ছাড়াও অনেক নতুন মার্কেটে আমাদের পণ্য রপ্তানি করছি। আমরা যে দামে যে মানের পোশাক রপ্তানি করি তা অন্য কোনো দেশ করতে পারবে না।
“সে কারণেই বলছি সব বাধা অতিক্রম করে আমরা আমাদের রপ্তানি বৃদ্ধির ধারা অব্যাহত রাখবো।”
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতাল-অবরোধে পণ্য পরিবহনে সমস্যা হয়। নানা ধরনের আতংক থাকে। এতো কিছু বাধার মধ্যেও সাত-সাড়ে শতাংশের প্রবৃদ্ধি খারাপ না।
“তবে সমস্যা হচ্ছে- এতো দিন যে অস্থিরতা-সংঘাত চলেছে তার প্রভাব পড়বে ছয় মাস-এক বছর পর।”
“যেমন ২০১৩ সালের শেষের দিকের সহিংসতার প্রভাবে যে সব রপ্তানি অর্ডার বাতিল হয়েছিল তার প্রভাব কিন্তু এখন আমরা দেখছি। সে কারণেই গত অর্থবছরে ডাবল ডিজিট প্রবৃদ্ধি হলেও এখন সেটা ৫ শতাংশ।”
ইপিবি ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু জানান, জুলাই-মার্চ সময়ে মোট রপ্তানি আয়ের ৮১ শতাংশই এসেছে তৈরি পোশাক রপ্তানি থেকে।
নিট পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৯০৫ কোটি ডলার। প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২ দশমিক ৬৯ শতাংশ।
এই সময়ে কৃষি ও কৃষিজাত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৮ শতাংশ।
জুলাই-মার্চ সময়ে লক্ষ্যমাত্রার চেয়ে ৫ শতাংশ রপ্তানি আয় কম এসেছে বলে জানান ইপিবির এই কর্মকর্তা।
অন্যান্য পণ্যের মধ্যে পাট ও পাটজাত পণ্য রপ্তানি বেড়েছে ৬ দশমিক ৬২ শতাংশ। চামড়াজাত পণ্য রপ্তানি বেড়েছে ৭ শতাংশ। ফুটওয়্যার (পাদুকা) রপ্তানি বেড়েছে ২৩ দশমিক ৪ শতাংশ।
তবে হিমায়িত মাছ রপ্তানি কমেছে ৬ দশমিক ৭২ শতাংশ।
চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন হাজার ৩২০ কোটি (৩৩ দশমিক ২০ বিলিয়ন) ডলার।
গত ২০১৩-১৪ অর্থবছরে ৩০ দশমিক ১৯ বিলিয়ন ডলারের রপ্তানি আয় দেশে এসেছিল।
