দুই বাজারেই সূচক কমেছে
নিম্নমুখী সূচক নিয়েই সপ্তাহ শুরু করেছে দেশের দুই পুঁজিবাজার।
রবিবার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪১ পয়েন্ট কমেছে। আর চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই কমেছে ৯৮ পয়েন্ট।
আগের দুই কার্যদিবস বুধবার ও বৃহস্পতিবার দুই বাজারেই সূচক ও লেনদেনে ছিল নিম্নগতি।
রোববার ডিএসইতে ৩১১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৩৬ কোটি ৯৩ লাখ টাকা বেশি।
ডিএসইতে এদিন মোট ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যার মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ২৪০টির। ২৬টি কোম্পানির শেয়ারের দর ছিল অপরিবর্তিত।
দিনশেষে ডিএসইএক্স ৪১ পয়েন্ট কমে ৪ হাজার ৪৩১ পয়েন্টে অবস্থান করছে।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, ইফাদ অটোস, মবিল যমুনা লিমিটেড ও এসিআই লিমিটেড।
সিএসইতে এদিন ৩৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৬ কোটি টাকা বেশি।
এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ৯৮ পয়েন্ট কমে হয়েছে ১৩ হাজার ৫৮০ পয়েন্ট।
লেনদেন হওয়া ২২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত ছিল ২০টির দাম।
