২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুযোগ নিতে তৎপর ভারতীয় পোশাক ব্যবসায়ীরা

বাংলাদেশের চলমান পরিস্থিতির সুযোগ নিয়ে বিদেশি ক্রেতাদের টানছে ভারতের তৈরি পোশাক রপ্তানিকারকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2015, 12:19 AM

Updated : 22 Aug 2022, 11:57 AM

ভারতীয় গণমাধ্যম ইকোনোমিক টাইমসের ইন্টারনেট সংস্করণে এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি চীনে তৈরি পোশাকের উৎপাদন খরচ বৃদ্ধির কারণে আন্তর্জাতিক ক্রেতারা ভারতের দিকে ঝুঁকছেন।

ক্রেতারা এই দুই দেশ থেকে কার্যাদেশ প্রত্যাহার করে ভারতীয় রপ্তানিকারকদের দিচ্ছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

আর এ কারণেই ২০১৪-১৫ অর্থবছরের ১১ মাসে (এপ্রিল-ফেব্রুয়ারি) তৈরি পোশাক রপ্তানি থেকে ভারতের আয় ১৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কনফেডারেশন অব ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রির সেক্রেটারি জেনারেল ডিকে নায়েরকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, “চলতি অর্থবছরে পোশাক রপ্তানি বৃদ্ধি খুবই আশাব্যঞ্জক। রাজনৈতিক সহিংসতা ও নিরাপত্তা বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য একটি প্রধান সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে।”

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অনেক ক্রেতাই ভারতীয় পণ্য কেনায় আগ্রহী উল্লেখ করে এতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে চাহিদা বৃদ্ধি করেছে। তবে ইউরোপীয় ইউনিয়ন চুপচাপ রয়েছে।

২০১৫ সালের ফেব্রুয়ারিতে দেশটি একহাজার ৫৩৮ মিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৮ দশমিক ৭ শতাংশ বেশি। 

ভারতের পোশাক রপ্তানির আয় ২০১৩-১৪ অর্থবছরের ১৩ হাজার ৪৫৬ মিলিয়ন ডলার চলতি অর্থবছরের ১১ মাসেই ছাড়িয়ে গিয়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৬২ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

এবিষয়ে জয়ন্তী এপারেলসের ব্যবস্থাপনা পরিচালক এইচকেএল ম্যাগুকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, মূলত চীনে পোশাক শিল্পে উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় ভারতের রপ্তানি বাড়ছে। 

“চীনে মজুরি বৃদ্ধি পাওয়ায় সেখানে পোশাক শিল্প ঝুঁকিতে পড়েছে। প্রায় প্রত্যেকটি আন্তর্জাতিক ব্যান্ড এখন ভারতীয় রপ্তানিকারকদের সাথে কাজ করছে।

“বাংলাদেশ অনেক সস্তায় পোশাক তৈরি করে। মোটা দাগে তাদের সঙ্গে প্রতিযোগিতায় পারা সম্ভব নয়। তবে চীনে মজুরি বৃদ্ধিকে ভারতীয় রপ্তানিকারকরা সুযোগ হিসেবে গ্রহণ করতে পারে।”

বিএনপি জোটের অবরোধ-হরতালে টানা দুই মাসের বেশি সময় ধরে নাশকতা-সহিংসতাসহ রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশের রপ্তানি আয়ে প্রবৃদ্ধি কমলেও ঋণাত্মক পর্যায়ে যায়নি।

অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) রপ্তানি খাতে বাংলাদেশের আয় হয়েছে দুই হাজার ৩১ কোটি (২০ দশমিক ৩১ বিলিয়ন) ডলার, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২ শতাংশের বেশি।

তবে বর্তমান অস্থিরতার প্রভাব আগামীতে পড়বে বলে আশঙ্কা করছেন দেশের রপ্তানি আয়ের প্রধান খাত নিট পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএ সভাপতি এ কে এম সেলিম ওসমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এখন আমাদের রপ্তানির মৌসুম চলছিল। সহিংসতা না থাকলে অর্থবছরের বাকি মাসগুলোতেও রপ্তানি আয় বাড়তো।

“এখন সব হিসাব-নিকাশ পাল্টে গেছে। দেশে প্রতিদিন আগুন-পেট্রোল বোমায় মানুষ পুড়ে মারা যাচ্ছে। সব জায়গায় আতঙ্ক। বিদেশে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বায়াররা অর্ডার বাতিল করে দিচ্ছে। এর প্রভাব দেখা যাবে কয়েক মাস পর।”