২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে শুল্কমুক্ত সুবিধা চায় বাংলাদেশ

থাইল্যান্ডে রপ্তানি বাড়াতে দেশটির বাজারে পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার চেয়েছে বাংলাদেশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2015, 10:29 AM

Updated : 22 Aug 2022, 11:57 AM

দুই দেশের মধ্যে একশ কোটি ২০ লাখ ডলারের বেশি বাণিজ্য হলেও থাইল্যান্ডে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ১০ কোটি ডলারের কম।

বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম দেশটির সরকারের কাছে বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত বাজার সুবিধা চেয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

বৃহস্পতিবার মন্ত্রণালয় জানায়, আগের দিন থাই পররাষ্ট্রমন্ত্রী জেনারেল টানাসক পাটিমারেগনের সঙ্গে সাক্ষাতে এ অনুরোধ করেন তিনি।

এই জেনারেল দেশটির উপপ্রধানমন্ত্রীও।

বৈঠকে তাসনিম বলেন, থাইল্যান্ড ‘উচ্চ মধ্য আয়ের দেশ’ হওয়ায় বাংলাদেশকে বাজার সুবিধা দেওয়া উচিত।

তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ ও রাসায়নিক পণ্যসহ অনেক পণ্য থাইল্যান্ড বাংলাদেশ থেকে আনতে পারে বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে তার সরকার ‘খুবই আগ্রহী’ বলে জানান থাই পররাষ্ট্রমন্ত্রী।