তরুণ উদ্যোক্তরা অর্থনীতিতে আশা জাগাচ্ছে: গভর্নর
অনেক বাধার পরও তরুণ উদ্যোক্তরা দেশের অর্থনীতির উজ্জ্বল ভবিষ্যতের আশা জাগাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘গ্লোবাল মানি উইক’ এর সমাপনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে এসব কথা বলেন গভর্নর।
অনুষ্ঠানে গভর্নর প্রধান অতিথি থাকার কথা থাকলেও শারিরীক অসুস্থার কারণে তিনি আসতে পারেননি। সেজন্য আয়োজকদের কাছে দুঃখপ্রকাশ করেন আতিউর।
পরে বাংলাদেশ ব্যাংকের চিফ ইকোনোমিস্ট বীরুপাক্ষ পালের মাধ্যমে আতিউর রহমান বলেন, “আমাদের তরুণ ব্যবসায়ীরা দেশের অর্থনীতির ভবিষ্যতের আশা জাগাচ্ছে। অনেক সমস্যার পরও তারা বিভিন্ন ছোট-বড় উদ্যোগ নিয়ে এগিয়ে আসছে।
“চাকরি খোঁজার পরিবর্তে তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার প্রবণতায় আমি অত্যন্ত আনন্দিত। তরুণদের পাশাপাশি তরুণীরাও বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে।”
নতুন প্রজন্মের অংশগ্রহণে ভবিষ্যতে বাংলাদেশে একটি জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে দেশের সরকারি-বেসরকরি বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসার আহ্বান জানান গভর্নর।
প্রতি বছর মার্চের দ্বিতীয় সপ্তাহে বিশ্বব্যাপী ‘গ্লোবাল মানি উইক’ উদযাপিত হয়, যাতে নতুন প্রজন্মকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
এ বছর ৯ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত সময়ে বাংলাদেশে গ্লোবাল মানি উইক পালিত হয়।
শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং ড্যাফোডিল ইউনিভার্সিটি এবার যৌথভাবে সপ্তাহ উদযাপন করে।
আয়োজকরা জানান, তরুণদের অর্থ উপার্জন, জীবিকা নির্বাহের বিভিন্ন পথ দেখাতে এবং ও নবীন উদ্যোক্তা তৈরি করার উদ্দেশ্যে পালিত হয় গ্লোবাল মানি উইক। গত বছর বিশ্বের ১১৮টি দেশে গ্লোবাল মানি উইক পালিত হয়েছিল।
সপ্তাহটির সমাপনী উপলক্ষে সিনেট ভবনে ব্যাংকার, উদ্যোক্তা ও নীতি নির্ধারকদের অংশগ্রহণে আয়োজন করা হয় গ্রান্ড গ্যাদারিংয়ের।
