গ্যালাক্সি এস সিক্স গ্রামীণফোনে
গ্রাহকদের জন্য স্যামসাংয়ের স্মার্টফোন গ্যালাক্সি এস সিক্স এবং এস সিক্স এজ নিয়ে এল গ্রামীণফোন। গ্রামীণফোনের গ্রাহকরা আগামী ২৩ মার্চ থেকে হ্যান্ডসেটগুলো প্রি-বুক করতে পারবেন।
স্যামসাংয়ের স্মার্টফোন গ্যালাক্সি এস সিক্স এবং এস সিক্স এজ বিক্রির জন্য বুধবার দুই কোম্পানির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয় বলে গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রামীণফোনের হেড অফ প্রোডাক্ট হাসিবুল হক এবং স্যামসাং ইন্ডিয়া ইলেকট্রনিকসের বাংলাদেশ শাখার ব্যবস্থাপনা পরিচালক সিএস মুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চলতি মাসের শুরুতে আসা স্যামসাং গ্যালাক্সি এস সিক্স এবং এস সিক্স এজ এ বছরের বহুল প্রত্যাশিত ফোনসেটের অন্যতম।
গ্যালাক্সি এস সিক্স এর দাম পড়বে ৬৯,৯০০ টাকা এবং এস সিক্স এজ এর দাম হবে ৭৯,৯০০ টাকা। গ্রামীণফোনের গ্রাহকরা ৯,৯০০ টাকায় প্রি-বুকিং করতে পারবেন এবং পরবর্তীতে মাসিক ২৫০০ টাকা হিসেবে ২৪টি কিস্তিতে বাকি দাম পরিশোধ করতে পারবেন।
গ্রামীণফোনের গ্রাহকরা হ্যান্ডসেটের সঙ্গে বেশ কিছু সুবিধা পাবেন, যারা প্রি-বুক করবেন তারা বিনামূল্যে অ্যসেসোরিজ এবং ডাটা পাবেন।
গ্যালাক্সি এস সিক্স এবং গ্যালাক্সি এস সিক্স এজ সেটে ব্যাক ক্যামেরা রয়েছে। এফ ১.৯ লেন্স এবং হাই রেজোলেশন সেন্সর সম্পন্ন ফ্রন্ট (৫ মেগাপিক্সেল) এবং ব্যাক ক্যামেরা (১৬ মেগাপিক্সেল) অন্ধকারেও ভালো মানের ছবি তুলতে সাহায্য করে।
মাত্র ১০ মিনিট চার্জ দিলেই সেটগুলো প্রায় ৪ ঘণ্টা ব্যবহার করা যায় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
