২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক কলচার্জের হ্রাসকৃত হারের মেয়াদ বাড়লো

পরীক্ষামূলকভাবে চালু করা দেশের বাইরে থেকে আসা কল চার্জের হ্রাসকৃত হারের মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2015, 08:55 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

সোমবার বিটিআরসি সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার আলী স্বাক্ষরিত এক চিঠিতে এবিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, “পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পরীক্ষামূলকভাবে প্রবর্তিত আন্তজার্তিক কল টার্মিনেশন রেট (আইসিআরটি) এবং এ সংক্রান্ত স্টেকহোল্ডারদের রেভিনিউ শেয়ারিং মডেল বলবৎ থাকবে।”

গত ১৮ সপ্টেম্বরে এক নোটিসের মাধ্যমে চালু করা ওই মডেলের অধীনে আন্তর্জাতিক ইনকামিং কলের ক্ষেত্রে প্রতি মিনিটের সর্বনিম্ন রেট শূন্য দশমিক শূন্য তিন (০.০৩) মার্কিন ডলার থেকে কমিয়ে সর্বনিম্ন শূন্য দশমিক শূন্য এক পাঁচ (০.০১৫) ডলার নির্ধারণ করে বিটিআরসি।

বিটিআরসির ওই নোটিসে বলা হয়, এই মডেল অস্থায়ী ও পরীক্ষামূলকভাবে ছয় মাসের জন্য কার্যকর করা হয়েছে।

মেয়াদ শেষের দুদিন আগে অনির্দিষ্টকালের জন্য তা চালুর নির্দেশনা এলো বিটিআরসি থেকে।

‘ইনকামিং কল টার্মিনেশন রেট’ কমিয়ে আনার পাশাপাশি গেটওয়েগুলোর সঙ্গে রাজস্ব ভাগাভাগির কাঠামোও  পুনর্নির্ধারণ করে বিটিআরসি।

ওই মডেল অনুযায়ী, কল থেকে আসা রাজস্ব আয়ের ৪০ শতাংশ বিটিআরসি, ২০ শতাংশ ইন্টারন্যাশনাল গেটওয়ে প্রতিষ্ঠান (আইজিডব্লউ), ১৭ দশমিক ৫ শতাংশ ইন্টারকানেকশন এক্সচেইঞ্জ প্রতিষ্ঠান (আইসিএক্স) এবং ২২ দশমিক ৫ শতাংশ সংশ্লিষ্ট গ্রাহকের অপারেটর বা এক্সেস নেটওয়ার্ক সার্ভিস (এএনএস) পাবে বলে নির্ধারণ করা হয়।

যার আগের হার ছিল যথাক্রমে ৫১ দশমিক ৭৫ শতাংশ, ১৩ দশমিক ২৫ শতাংশ, আইসিএক্স ১৫ শতাংশ এবং এএনএস ২০ শতাংশ।

বিদেশ থেকে আসা প্রতিটি কল দেশে ঢোকে আইজিডব্লউর মাধ্যমে। তারপর আইসিএক্স এর মাধ্যমে তা সংশ্লিষ্ট অপারেটর বা এএনএসে পৌঁছায়। অপারেটর গ্রাহকের ফোনে কলটির সংযোগ দেয়।  

পরীক্ষামূলক সময়ের পর কলের সংখ্যা এবং রাজস্ব আয়ের পরিমাণের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে গত সেপ্টেম্বর মাসে উল্লেখ করা হয়েছিল।

অবৈধ ভিওআইপি বন্ধ করতে আন্তর্জাতিক কলরেট কমিয়ে আনার জন্য ২০১৩ সালের শেষ দিকে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায় বিটিআরসি। তা অনুমোদন পাওয়ার পর সেপ্টেম্বরে ওই নোটিস জারি করা হয়।

সংশ্লিষ্টরা মনে করেন, আন্তর্জাতিক কলরেট বেশি হওয়ায় অবৈধ ভিওআইপির মাধ্যমে অনেক বেশি কল দেশে আসে। ফলে সরকার ও সংশ্লিষ্টরা রাজস্ব থেকে বঞ্চিত হয়।

পুরনো খবর:

আন্তর্জাতিক ‘কলরেট’ কমল