৭ মাসের সর্বনিম্ন পর্যায়ে ডিএসই সূচক
টানা চার দিন পতনের পর ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সাত মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, যার কারণ হিসাবে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের হতাশার কথা বলেছেন বাজার সংশ্লিষ্টরা।
সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৮ পয়েন্ট কমে ৪ হাজার ৪৭৮ পয়েন্ট হয়েছে।
এর আগে ২০১৪ সালের অগাস্টে সূচক এর চেয়ে কম ছিল। ৫ অগাস্ট ডিএসইএক্স ছিল ৪ হাজার ৪৭২ পয়েন্টে।
গত বছর নভেম্বরেও যেখানে ঢাকার পুঁজিবাজারের সূচক ৫ হাজারের ঘরে ছিল, সেখানে গত ৫ জানুয়ারি থেকে বিএনপি জোটের অবরোধ-হরতালের মধ্যে ধারাবাহিকভাবে সূচক পতন হতে থাকে। ফেব্রুয়ারিতে সূচক কিছুটা স্থিতিশীল বলে মনে হলেও মার্চে আবার পতন শুরু হয়।
গত সাড়ে তিন মাসে এ বাজারের সূচক কমেছে প্রায় ৫০০ পয়েন্ট। আর বাজার মূলধন কমেছে ১৭ হাজার কোটি টাকা।
এর মধ্য সবচেয়ে বেশি দরপতন হয়েছে ব্যাংক খাতের শেয়ারে। সোমবারও সবচেয়ে বেশি দরপতন হয়েছে এমন দশ কোম্পানির মধ্যে পাঁচটিই ছিল ব্যাংক খাতের কোম্পানি।
ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ২৯০ কোটি টাকার শেয়ার। লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ২২৯টিরই দাম কমেছে, বেড়েছে ৫৩টির দাম; আর ৩৪টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।
ব্রোকারেজ হাউজ স্কয়ার সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যাংকগুলো খারাপ ডিভিডেন্ড দেয়নি, ব্যাংক এর সুদের হারও কম। তারপরেও সূচক কমছে বাজারে। সুদের হার কম থাকায় ব্যাংকের টাকাতো পুঁজিবাজারে আসার কথা ছিল; কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে তা আসছে না। আসলে রাজনৈতিক পরিস্থিতির সমাধান না হওয়ায় বিনিয়োগকারীরা হতাশ।”
তার কথার সমর্থন মিলল সোহরাব হোসেন নামের এক বিনিয়োগকারীর কথায়।
তিনি বলেন, “রাজনৈতিক পরিস্থিতি খারাপ। ব্যাংক আসছে না; ১০০ /১৫০ কোটি টাকা পুঁজির নতুন কোনো বিনিয়োগকারীও এ বাজারে আসছে না, কারণ তারা ব্যবসা করবে কার সাথে?”
বাজারের এই পরিস্থিতিতে আগের মতো এবারও সরকারের সহায়তার হাত বাড়িয়ে দেওয়া উচিৎ বলে মত দেন আব্দুল মতিন চোধুরী নামে একজন বিনিয়োগকারী।
তিনি বলেন, “২০১৩ সালেও তো রাজনৈতিক পরিস্থিতি খারাপ ছিল। তখনও বাজার এতো পড়েনি। আইসিবির উচিৎ বাজারকে এখন সাপোর্ট দেওয়া।”
