সাত ব্যাংকের ২৩২ কোটি টাকা করফাঁকি
দেশের সাতটি বেসরকারি ব্যাংক ২৩২ কোটি ২৪ লাখ টাকার পাওনা আয়কর থেকে সরকারকে বঞ্চিত করেছে।
নিরীক্ষায় প্রকাশিত এসব আপত্তি নিয়ে মামলায় নিম্ন আদালত ব্যাংকগুলোর পক্ষে রায় দিলেও জাতীয় রাজস্ব বোর্ডকে উচ্চ আদালতের শরণাপন্ন হতে বলেছে সরকারি হিসাব কমিটি।
রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি হিসাব কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, পাঁচটি ব্যাংকের বিষয়ে ২০০৭-০৮ ও ২০০৮-০৯ অর্থবছরের মহাহিসাব নিরীক্ষকের নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, অনুমোদনযোগ্য খরচকে মোট আয়ের সঙ্গে যোগ না করায় এই ব্যাংকগুলোর কাছ থেকে আয়কর বাবদ সরকারের ১৭২ কোটি ২৮ লাখ টাকা কম আদায় হয়েছে।
এর মধ্যে- মার্কেন্টাইল ব্যাংকের কাছ থেকে ৫৭ কোটি ৭১ লাখ, প্রাইম ব্যাংকের কাছ থেকে ৩৭ কোটি ৬৫ লাখ, সাউথইস্ট ব্যাংকের কাছ থেকে ৩৪ কোটি ৭৮ লাখ, পূবালী ব্যাংকের কাছ থেকে ১৮ কোটি ২৩ লাখ ও এক্সিম ব্যাংকের কাছ থেকে ২৩ কোটি ৮৮ লাখ টাকা সরকারের পাওনা রয়েছে।
এছাড়া বাদযোগ্য সীমাতিরিক্ত খরচ করে মোট আয় হ্রাস করায় আয়কর বাবদ স্ট্যান্ডার্ড ব্যাংক ৫৫ কোটি ৮৩ লাখ টাকা এবং অননুমোদিত খরচকে মোট আয়ের সঙ্গে যোগ না করে ইসলামী ব্যাংক ৪ কোটি ১৩ লাখ টাকা পাওনা থেকে সরকারকে বঞ্চিত করেছে।
এই নিরীক্ষা আপত্তির বিরুদ্ধে ব্যাংকগুলো আদালতের শরণাপন্ন হলে রায় তাদের পক্ষে গেলেও এনবিআর সন্তুষ্ট নয়। বিষয়টি সংসদীয় কমিটিতে উত্থাপিত হলে এনবিআরকে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের পরামর্শ দেওয়া হয়।
কমিটি অ্যাটর্নি জেনারেলের দপ্তরের সঙ্গে পরামর্শ করে এসব মামলা দ্রুত নিষ্পত্তির সুপারিশ করেছে।
বৈঠকে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের ২০০৯-১০ অর্থবছরের নিরীক্ষা আপত্তি নিয়ে আলোচনা হয়।
প্রতিবেদনে দেখা যায়, এক বছরে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে রাজস্ব বাবদ বিমানের বকেয়ার পরিমাণ ২০৯ কোটি ৬২ লাখ টাকা। এর মধ্যে দেশি প্রতিষ্ঠানের কাছে বকেয়া ৫৬ কোটি টাকা।
মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য পঞ্চানন বিশ্বাস, রেবেকা মমিন, মঈন উদ্দীন খান বাদল, এ কে এম মাঈদুল ইসলাম ও ওয়াসিকা আয়েশা খান অংশ নেন।
