২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচারণায় স্মার্টফোন আনলো কোকা-কোলা

কোমল পানীয় কোকা-কোলার গ্রীষ্মকালীন প্রচারণায় প্রতি ঘণ্টায় একটি করে স্মার্টফোন দেওয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2015, 06:09 PM

Updated : 12 Oct 2022, 03:26 PM

রোববার রাজধানীর হোটেল ওয়েস্টিনে প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন কোকা-কোলা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শাদাব আহমেদ খান।

‘কোকা-কোলা খোলো, কানেক্ট করো’ এই শ্লোগান নিয়ে শুরু হওয়া এ প্রচারণা চলবে ১৪ মে পর্যন্ত।

প্রচারণার উদ্বোধনী নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শাদাব আহমেদ বলেন, “কোকা-কোলার বন্ধুত্বের বার্তা সমাজের সবার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই প্রচারণা। যেহেতু বাংলাদেশের তরুণ প্রজন্ম প্রচণ্ডভাবে গল্পপ্রিয় এবং মোবাইলপ্রেমী। তাই আমরা তাদেরকে বাজারের সবচেয়ে নতুন স্মার্টফোন, স্যামসাং গ্যালাক্সি জে-১ জেতার একটি সুযোগ করে দিচ্ছি।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্যামসাং ইন্ডিয়া ইলেক্ট্রনিক্স লিমিটেড এর কান্ট্রি ম্যানেজার চুন সু মুন, কোকা-কোলা ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেড এর কান্ট্রি ম্যানেজার তাপস কুমার মন্ডল, আব্দুল মোনেম লিমিটেড এর চিফ অপারেটিং অফিসার গাজী শামসুদ্দিন প্রমুখ।

ফোন জেতার নিয়ম:

কোকা-কোলা, ফান্টা ও স্প্রাইটের  হলুদ ছিপিযুক্ত সব পেট এবং কাচের বোতলের ছিপিগুলোর নিচে একটি ৮ ডিজিটের ইউনিক কোড থাকবে। ভোক্তারা প্রতিটি বোতল খুললেই ৮ ডিজিটের ইউনিক কোডটি পাবেন এবং ০৯ ৬৬৬ ৯৯৯ ৮৮৮ নাম্বারে মিসকল দিবেন।

সাথে সাথে তিনি কোকা-কোলার পক্ষ থেকে একটি ফিরতি কল পাবেন যেখানে তাকে নিজের নাম, ঠিকানা ও ইউনিক কোডটি উল্লেখ করতে হবে এবং কোকা-কোলা সম্পর্কিত ৩টি সহজ প্রশ্নের উত্তর দিতে হবে। সবচেয়ে কম সময়ে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে বিজয়ী নির্বাচন করা হবে।

১৪ মে পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১০টার মধ্যে প্রতি ঘণ্টায় একজন করে বিজয়ী নির্বাচন করা হবে এবং দিন শেষে তার সঙ্গে যোগাযোগ করা হবে।

পুরস্কার গ্রহণের সময় বিজয়ীকে ৮ ডিজিটের বিশেষ কোডসম্বলিত হলুদ ছিপিটি সঙ্গে আনতে হবে।