কুয়েতে বসছে বাংলাদেশি পণ্যের পসরা
বাংলাদেশের শিল্পখাতকে তুলে ধরতে আগামী ২৩ এপ্রিল মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে অনুষ্ঠিত হবে তিন দিনের বাংলাদেশ-কুয়েত ট্রেড ফেয়ার।
কুয়েত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের দ্বিতীয় এ আয়োজনে প্রায় ১০০টি প্রতিষ্ঠান অংশ নেবে বলে আশা প্রকাশ করেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল আব্দুল মতিন ভূঁইয়া।
শনিবার রাজধানীর হোটেল ৭১ এ এক সংবাদ সম্মেলনে আব্দুল মতিন বলেন, “ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় আমাদের অনুমতি দিয়েছে। আগামী ২৩, ২৪ ও ২৫ এপ্রিল কুয়েতের মিশরেফ এলাকায় ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার গ্রাউন্ডসে এ মেলা অনুষ্ঠিত হবে।”
বাংলাদেশ ও কুয়েতের বাণিজ্যমন্ত্রী এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী উদ্বোধন অনুষ্ঠানে থাকবেন বলে আয়োজকরা আশা করছেন।
আব্দুল মতিন বলেন, জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান, ওষুধ শিল্প, সিরামিক, পাটজাত পণ্য ও হ্যান্ডিক্রাফটস, ব্যাংক-বীমা, বিজ্ঞান প্রযুক্তি ও তথ্য যোগাযোগ, ফুড প্রোডাক্টস, গার্মেন্টস শিল্প, চামড়াজাত শিল্প, লেদার গুডস, রিয়েল এস্টেট, মধু, পর্যটন শিল্প সংশ্লিষ্টরা মেলায় অংশ নিতে পারবেন।
সংগঠনের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, “আমরা আশা করি এ মেলা, কুয়েতে বাণিজ্য সম্প্রসারন করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
এর আগে ২০১২ সালে প্রথমবারের মতো কুয়েতে প্রথমবারের মতো ট্রেড ফেয়ার আয়োজন করেছিল ব্যবসায়ীদের এ সংগঠনটি।
