২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এটিএম টপ আপ সেবা চালু করলো বাংলালিংক

গ্রাহকদের জন্য ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্টস লিমিটেডের (আইটিসিএল) সহযোগিতায় এটিএম টপ আপ সেবা চালু করেছে মোবাইল ফোন অপারেটর বাংলালিংক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2015, 11:03 PM

Updated : 22 Aug 2022, 11:52 AM

আইটিসিএল হলো পেমেন্ট গেটওয়ে কিউ-ক্যাশের স্বত্বাধিকারী। বর্তমানে কিউ-ক্যাশ পেমেন্ট প্রসেসিং কনসোর্টিয়ামে ৩৫টির বেশি ব্যাংক যুক্ত রয়েছে।

মঙ্গলবার বাংলালিংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ৯ মার্চ সোমবার থেকে এ সেবা চালু করা হয়েছে।

বাংলালিংকের গ্রাহকরা এখন প্রধান প্রধান ইন্টারন্যাশনাল অ্যান্ড ডমেস্টিক কার্ড ব্যবহার করে কিউ-ক্যাশ নেটওয়ার্কভুক্ত দুই হাজারেরও বেশি (২,০০০+) এটিএম থেকে যেকোনো বাংলালিংক নম্বরে (প্রি-পেইড ও পোস্ট-পেইড) টপ-আপ করতে পারবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রাহকরা দিনরাত ২৪ ঘণ্টা ও সপ্তাহে সাতদিনই এ সেবা গ্রহণের সুযোগ পাবেন। এজন্য অতিরিক্ত কোনো চার্জ বা খরচ লাগবে না।

এটিএম টপ আপ সেবা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলালিংকের মার্কেটিং ডিরেক্টর সোলায়মান আলম। এছাড়া হেড অব বিজনেস স্ট্র্যাটেজি অ্যান্ড স্ট্র্যাটেজিক প্রজেক্টস জালাল হোসেন, ডিস্ট্রিবিউশন ম্যানেজার মুহাম্মদ মুজাহিদুল ইসলাম পাটোয়ারী, ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্টস লিমিটেডের (আইটিসিএল) ম্যানিজিং ডিরেক্টর অ্যান্ড সিইও কাজী সাইফুদ্দীন মুনিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।   

বাংলালিংকের মার্কেটিং ডিরেক্টর সোলায়মান আলম অনুষ্ঠানে বলেন, “বাংলালিংকের টপ আপ সেবা এখন আগের চেয়ে অনেক বেশি সুবিধাজনক ও স্বাচ্ছন্দময়। একটি গ্রাহকমুখী কোম্পানি হিসাবে বাংলালিংক সব সময় গ্রাহকদের আরও কাছে থাকার চেষ্টা করে। সে অনুযায়ী আমরা অংশীদারিত্বের মাধ্যমেও গ্রাহকদের জন্য  নিত্যনতুন সুযোগ-সুবিধা উদ্ভাবন এবং সমাধান প্রদান করে থাকি।”

নেদারল্যান্ডসভিত্তিক ভিমপেলকম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান বাংলালিংক হলো বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর, যার ৩ কোটিরও বেশি গ্রাহক রয়েছে।