২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমকির মুখে ২৫০০ কোটি টাকার বিনিয়োগ: রিহ্যাব

বিএনপি জোটের দেড় মাস ধরে চলা অবরোধ ও হরতালের কারণে আবাসনসহ সংশ্লিষ্ট খাতগুলোর প্রায় ২৫ হাজার কোটি টাকার বিনিয়োগ হুমকির মুখে পড়েছে বলে শঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 10:17 PM

Updated : 12 Oct 2022, 03:18 PM

চলমান নাশকতা ও অস্থিরতায় আবাসন খাতের এক হাজার ৬৫৬ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তারা।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরেন আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামীন।

লিখিত বক্তব্যে রিহ্যাব সভাপতি বলেন, “৪৫ দিনের টানা অবরোধ ও মাঝে মাঝে ডাকা হরতালে দেশের আবাসন শিল্পে এক হাজার ৬৫৬ কোটি টাকার ক্ষতি হয়েছে।

“অবরোধের কারণে নির্মাণসামগ্রী পরিবহন করা যাচ্ছে না, ফলে নির্মাণকাজ প্রায় বন্ধ। পাশাপাশি ফ্ল্যাট বিক্রি, মূল্য আদায় ও আর্থিক লেনদেন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।”

বিকালে সুন্দরবন হোটেলে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের এই সংবাদ সম্মেলনে সহ-সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামানসহ খাতের সঙ্গে সম্পৃক্ত আরও বেশ কয়েকটি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সহিংসতা পরিহার করে আলোচনার মাধ্যমে সমাধান বের করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান আলমগীর সামসুল আলামীন।

তিনি বলেন, চলমান অস্থিরতায় আবাসন প্রতিষ্ঠানসহ সংযোগ শিল্পের অনেক প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। পাশাপাশি আবাসন ও সংযুক্ত শিল্প খাতের প্রায় ২৫ হাজার কোটি টাকার বিনিয়োগ হুমকির মুখে পড়েছে।

“এমন অবস্থা চলতে থাকলে এসব খাতের ব্যবসায়ীরা ধীরে ধীরে নিঃস্ব হয়ে যাবেন।”

রিহ্যাব সভাপতি জানান, সংগঠনের ১২০০ সদস্যের কাছে মোট দুই হাজার ৪০০ কোটি টাকার ব্যাংক ঋণ রয়েছে।

অবরোধ-হরতালে ক্ষতি পুষিয়ে নিতে রিহ্যাব সদস্যদের খেলাপি ঋণ দুই বছরের জন্য পুনঃতফসিল করার এবং বাংলাদেশ ব্যাংকের গৃহায়ন তহবিল আবার চালু করে এক অংকের সুদে ঋণ দেওয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

অন্যান্যের মধ্যে রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পেইন্টার্স ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুর রহমান, সিমেন্ট ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আলমগীর কবীর, পাথর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আব্দুল মুতিন খান ও ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম শামসুদ্দিন।