‘খারাপ সময়ে’ অভিজাত এলাকার ব্যবসায়ীরাও
টানা দেড় মাসের রাজনৈতিক অস্থিরতায় খারাপ সময় পার করছেন রাজধানীর অভিজাত এলাকা বলে পরিচিতি গুলশান-বনানীর ব্যবসায়ীরা, যেখানে রয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়।
তারা বলছেন, অবরোধ-হরতালের সঙ্গে খালেদা জিয়ার কার্যালয়কে ঘিরে রাজনৈতিক কর্মকাণ্ডের প্রভাব পড়েছে তাদের ব্যবসায়।
গুলশান-১ নম্বরে অবস্থিত ডিসিসি মার্কেটের এইচএনজি ইলেকট্রনিক্সের ইনচার্জ মো. মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের ক্রেতারা সাধারণত গাড়ি নিয়েই আসেন। হরতালের দিনে গাড়িও বের হয় না, তারাও আসেন না।
তবে শুক্র-শনি দুই দিন ‘হালকা’ বেচাকেনা হয় বলে জানালেন তিনি।
পাইকারি ও খুচরা বাজারে দামে হেরফের নিয়ে জানতে চাইলে তিনি বলেন, “পাইকারি বাজারের অধিকাংশ পণ্য সম্পর্কে বলতে পারব না। কারণ এই অবস্থা শুরুর পর তেমন কোনো পণ্য নতুন করে কিনিনি।”
গত ৫ জানুয়ারি থেকে চলমান অবরোধে সরাসরি ভুক্তভোগী দরিদ্রদের নিয়ে কেউ ভাবছেন না বলেও অভিযোগ করলেন মাহফুজুর।
“এই অবরোধে কারা ক্ষতিগ্রস্ত জানেন? গরিবরা। গরিবের গাড়িতে হামলা হয়। তারা মরে। কর্মস্থলে তারা বেতন দেরিতে পায়। ধনীরা লোন দেরিতে দেওয়ার মতো নানা কাজে সুদে আসলে ক্ষতি পোষায়ে নিবে।”
ব্যবসায় এ রকম খারাপ সময় অতীতে পার করেননি বলেও জানান তিনি।
সাগর ফার্নিচারের মালিক মো. মাসুদ শেখ বলেন, “দূরের কাস্টমারও এখানে ফার্নিচারের জন্য আসত। এখন সেটা পুরোপুরি বন্ধ। কাছের কেউ কেউ আসে। তবে লসে ছাড়লেও ক্রেতারা নিতে চায় না। অবস্থা এতটাই খারাপ যা ভাষায় প্রকাশ করা যায় না।”
আগের ২০ ভাগ বিক্রি নেই বলেও জানালেন তিনি।
একই মার্কেটের আপন জুয়েলার্সের বিক্রেতা আব্দুল করিম বলেন, “আমার এখানে ক্রেতা হিসাবে সমাজের সব শ্রেণির মানুষই আসে। এই সংকটে আমি তাই ক্ষতিগ্রস্ত। বিক্রি ৬০ ভাগ কমে গেছে।”
এই মার্কেটের মালিক সমিতির সভাপতি এসএম তালাল রেজবী বলেন, “আমাদের মার্কেটে ৬০৫টি দোকান আছে। অধিকাংশ দিন দুপুর পর্যন্ত ২০০ দোকানও বউনি করতে পারে না। এই পর্যন্ত আমাদের প্রায় ৩০-৪০ কোটি টাকা লস হয়ে গেছে।
“আমার নিজেরও দুইটা দোকান আছে, দুইটাতেই লসে আছি। খরচের টাকাও উঠছে না।”
গুলশান-২ নম্বরে ঢাকা সিটি করপোরেশন উত্তর সুপার মার্কেটে গিয়েও মিলল একই ভাষ্য।
হাসান হার্ডওয়ারের বিক্রেতা ইমরান শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খুব দরকারি জিনিস ছাড়া কেউ কিছু কিনতে বের হচ্ছে না। বেচাকেনা চার ভাগের একভাগে নেমে এসেছে।
পরিস্থিতি গত নির্বাচনের আগের চেয়েও খারাপ হয়ে গেছে বলে মত দিলেন তিনি।
তিনি জানান, হরতাল-অবরোধের অজুহাতে পাইকাররাও দাম বেশি চায়।
“তারা অজুহাত দেন বন্দরে মাল খালাস করতে পারি নাই। এদিকে আমরা কিন্তু কম দামেই ছাড়ছি। কারণ মাল নিয়া তো বসে থাকতে পারব না।”
পিতলের তৈজসপত্রসহ বিভিন্ন শো-পিসের দোকান হোসেন হ্যান্ডিক্রাফটসের বিক্রেতা মো. শাহজাহান জানালেন, বিদেশিরা দেশে আসে না। দেশিরা ঘর থেকে বের হতে চায় না। ফলে বিক্রি প্রায় শূন্যে নেমে এসেছে।
“৩১ বছর আমি এখানে ব্যবসা করি, কোনো সময়ই এই পরিস্থিতি দেখি নাই। দেশজুড়ে আন্দোলন সংগ্রামের সময়ও এই এলাকা ছিল নিরাপদ। এটা কূটনৈতিক জোন। সংকটের সময়ও এই দেশে আসতে হলে বিদেশিরা এই এলাকায় নিঃশ্বাস নিতে পারত। কিন্তু এখন সব বদলে গেছে।”
“এখানে মিছিল হয়, স্লোগান হয়। বোমা মারে। আগে রাজনৈতিক কর্মসূচি এখানে দেখি নাই।”
কসমেটিকসসহ বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকান আমীর বিপণি বিতানের মালিক মো. আমীর হোসেনের কাছে বেচাবিক্রির কথা জিজ্ঞেস করতেই ক্রেতাশূন্য দোকান দেখিয়ে বললেন, “সব মরুভূমি হয়ে গেছে।”
এই দোকানের বিক্রেতা মমিনুর রহমান মিঠু বলেন, আগে যেখানে ৫ লাখ টাকা বেচাকেনা হতো। এখন ২০ হাজার টাকা হয়।
একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আরিফুর রহমান তার ঊর্ধ্বতন কর্মকর্তার জন্য কেনাকাটা করতে বাজারে এসেছেন। বললেন, “স্যারের বাসার শপিং আমি আর স্যার মিলে করি। কিন্তু এখন অধিকাংশ সময় আমি একাই করি। বর্তমান পরিস্থিতিতে স্যার খুব একটা বের হয় না।”
গুলশানের অদূরে যমুনা ফিউচার পার্কের তৈরি পোশাকের শো-রুম ‘ইজি’র সহকারী ব্যবস্থাপক নাজমুল হোসেন খান বলেন, “মানুষই থাকে না। কিনব কারা?”
“আজ কিছুটা বেচাকেনা হচ্ছে। অবস্থা দেখে মনে হচ্ছে, কাল থেকে আবার যা তা হয়ে যাবে। এই মনে করেন, জানুয়ারি মাসে ডিসেম্বরের ২০ ভাগও বিক্রি করতে পারিনি।”
সৈয়দ এম্পোরিয়ামের বিক্রেতা সৈয়দ নাজমুল ইসলাম বলেন, “আমাদের ক্রেতারা অতি প্রয়োজন ছাড়া মানুষতো ঘর থেকেই বের হয় না। মার্কেটে আসবে সেটাতো পরের বিষয়। তাই ব্যবসার অবস্থা ভালো না।”
ক্লাসিক স্টাইলের পরিচালক আশরাফুজ্জামান ভূঁইয়া জানালেন, বিক্রি ২০ ভাগে নেমে এসেছে।
বনানী সুপার মার্কেটের রেমন্ড টেইলর অ্যান্ড ফ্রেব্রিক্সের মাস্টার কবির হোসেন জানান, তাদের ব্যবসায়ও এখন পড়তি।
তিনি বলেন, গুলশান-বনানীতে মানুষ প্রয়োজনে পোশাক বানায় খুবই কম, এটা শখ বিলাসিতার বিষয়। সব কিছু স্বাভাবিক থাকলেই মানুষ এই দিকে ঝোঁকে। পরিস্থিতি কিছুটা অস্বাভাবিক হলে এই ব্যবসার অবস্থা খুবই খারাপ হয়ে যায়।
মাকে নিয়ে এই মার্কেটে পোশাক কিনতে আসা মাজেদা বেগম জানান, পারিবারিক কাজে তিনি মার্চে ভারত যাবেন। এ কারণে কিছু পোশাক কিনতে বের হয়েছেন। বাসার পাশেই বনানী সুপার মার্কেট হওয়ায় তিনি এখানে এসেছেন।
তিনি বলেন, অবরোধ শুরুর পর এর মধ্যে তিনি শপিংয়ে বের হননি।
মোটামুটি সব জায়গায়ই বিক্রি প্রায় অর্ধেকে নেমে আসার তথ্য দিলেন মিষ্টির দোকান রসের বনানী শো-রুমের ইনচার্জ মনির আহমেদ।
ঢাকায় এই প্রতিষ্ঠানটির ১৬টি শাখা রয়েছে।
